JIO New Recharge Plan: ইন্টারনেট ব্যবহার করতে চান না? শুধুমাত্র ফোন করার জন্য নয়া রিচার্জ প্ল্যান জিওর | Jio Voice Only Recharge Plans List, 22 Days to 336 Days Validity, Unlimited Calling - 24 Ghanta Bangla News
Home

JIO New Recharge Plan: ইন্টারনেট ব্যবহার করতে চান না? শুধুমাত্র ফোন করার জন্য নয়া রিচার্জ প্ল্যান জিওর | Jio Voice Only Recharge Plans List, 22 Days to 336 Days Validity, Unlimited Calling

Spread the love

কলকাতা: ভারতের টেলিকম বাজারে গ্রাহকদের জন্য নয়া চমক নিয়ে এল রিলায়েন্স জিও। এবার শুধুমাত্র ভয়েস কলিং পরিষেবার জন্য একাধিক নতুন প্রিপেড প্ল্যান চালু করল জিও। নতুন এই প্ল্যানগুলিতে নেই কোনও ইন্টারনেট পরিষেবা। শুধুমাত্র কলিং এর জন্য এই পরিষেবা আনল জিও। এতে থাকছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। এর আগে এয়ারটেল ও ভি একই ধরণের ভয়েস অনলি রিচার্জ প্ল্যান চালু করেছিল। ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর নির্দেশ মেনে এবার সেই পথে হাঁটল জিও। মূলত যাঁরা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন না, অথচ শুধুমাত্র ফোনে কথা বলা ও সিমটি সক্রিয় রাখার জন্য রিচার্জ করতে চান, তাঁদের কথা মাথায় রেখেই এই নতুন প্ল্যানগুলি আনা হয়েছে।

এই জিও-র নতুন ভয়েস অনলি প্ল্যানগুলি ট্রাই নির্দেশিত প্যাক বিভাগে রাখা হয়েছে। ২২ দিন থেকে শুরু করে ৩৩৬ দিন বিভিন্ন ভ্যালিডিটির রিচার্জের সুযোগ পাবেন গ্রাহকরা। জিওর সবচেয়ে সস্তা ভয়েস অনলি প্ল্যানের দাম ১৪৭ টাকা। এই রিচার্জে মিলবে ২২ দিনে ভ্যালিডিটি। পাশাপাশি থাকছে আনলিমিটেড ভয়েস কলিং ও ৩০০টি এসএমএস পাঠানোর সুবিধা। এছাড়াও রয়েছে একাধিক স্বল্পমেয়াদি প্ল্যান। যেমন, ২৮ দিনে ভ্যালিডিটি ১৭৭ টাকা। ৩০ দিনের ভ্যালিডিটি ১৯৬ টাকা। ৩১ দিন অর্থাৎ ১ মাসের ভ্যালিডিটির দাম, ১৯৭ টাকা। এই চারটি প্ল্যানেই থাকছে আনলিমিটেড ভয়েস কলিং ও ৩০০টি এসএমএস। তবে কোনও প্ল্যানেই থাকবে না ডেটা।

এর পাশাপাশি আছে ত্রৈমাসিক ও এক বছরের প্যাকেজও। যাঁরা বারবার রিচার্জ করতে চান না, তাঁদের জন্য রয়েছে জিওর ৪৪৮ টাকার ভয়েস অনলি প্ল্যান। এই রিচার্জে মিলবে ৮৪ দিনের ভ্যালিডিটি। অর্থাৎ, প্রায় ৩ মাস আপনার সিম সক্রিয় রাখতে পারবেন গ্রাহকরা। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, ১০০০টি মেসেজ এবং জিও ও অন্যান্য ওটিটি অ্যাপ ব্যবহারের সুবিধা। তবে এখানেও থাকছে না মোবাইল ডেটার সুবিধা।

দীর্ঘমেয়াদি রিচার্জ করতে ইচ্ছুক গ্রাহকদের জন্য রয়েছে ১৭৪৮ টাকার বিশেষ প্ল্যান। এই রিচার্জে মিলবে ৩৩৬ দিনের ভ্যালিডিটি। অর্থাৎ একবার রিচার্জ করলে প্রায় ১১ মাস সিম সক্রিয় থাকবে। এই প্ল্যানে আছে আনলিমিটেড ভয়েস কলিং, ৩৬০০টি এসএমএস ও বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা। তবে অন্যান্য ভয়েস অনলি প্ল্যানের মতো এখানেও কোনও মোবাইল ডেটার সুবিধে নেই। যাঁরা শুধুমাত্র কথা বলার জন্য রিচার্জ করতে চান, তাঁদের জন্য এবার নতুন বিকল্প নিয়ে এল জিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *