West Bengal Weather Update: রাতে শুধু ট্রেলার ছিল, ৬০ কিমি বেগে বইবে ঝড়, আজ অ্যালার্ট জারি কোন কোন জেলায়? - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather Update: রাতে শুধু ট্রেলার ছিল, ৬০ কিমি বেগে বইবে ঝড়, আজ অ্যালার্ট জারি কোন কোন জেলায়?

Spread the love

West Bengal Weather Update: রাতে শুধু ট্রেলার ছিল, ৬০ কিমি বেগে বইবে ঝড়, আজ অ্যালার্ট জারি কোন কোন জেলায়?

কলকাতা: পূর্বাভাস মিলল। রাতে নামল ঝেঁপে বৃষ্টি। তার সঙ্গে ব্যাপক ঝোড়ো হাওয়া। কোথাও আবার ঘনঘন বাজ পড়ল। রাতভর এই ঝড়-বৃষ্টিতে গরমে কিছুটা হলেও লাগাম হল। আলিপুর আবহাওয়া অফিস বলছে, এই ঝড়-বৃষ্টির দাপট আরও চলবে। কোথায় কোথায় ঝড়-বৃষ্টি ও দুর্যোগের পূর্বাভাস, জেনে নিন-

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টি হচ্ছে। গতকাল এই ঝড় ও বৃষ্টির কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান অবতরণ করতে না পেরে, মাঝ আকাশে ৪৫ মিনিট ঘুরপাক খায়। আজও সেই দুর্যোগ থেকে মুক্তি নেই। শনিবার ও রবিবারে আরও বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা।  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি থাকবে। রাতভর বৃষ্টিতে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস কমল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ২৫.৮ ডিগ্রি থেকে ২০.২ ডিগ্রিতে নামল পারদ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশ অনেকটাই। ৪০ থেকে ৯৬ শতাংশ পর্যন্ত আপেক্ষিক আর্দ্রতা থাকবে। এরফলে একটা অস্বস্তি ভাব থেকে যাবে।

দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা রয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ ও নদিয়ায়। সেখানেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা

অন্যদিকে, উত্তরবঙ্গও ভাসবে বৃষ্টিতে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সিকিমেও। বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পংয়ে।

আগামিকাল অর্থাৎ রবিবার রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির প্রভাব কিছুটা হলেও কমবে। নতুন সপ্তাহ থেকে আবহাওয়ার আবার বদল হবে। ৩ দিন পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *