Asansol: লুকিয়ে প্রেম! গণপিটুনিতে মৃত্যু হল যুবকের | West bengal youth beaten to death over suspected extramarital affair in rupnarayanpur
আসানসোল: পরকীয়া সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে।
মৃত যুবকের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। তাঁর পরিবার দিল্লিতে থাকলেও তিনি মাঝেমধ্যেই হিন্দুস্তান কেবলসের একটি কোয়ার্টারে আসতেন। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বিকি প্রতিবেশী মন্টু যাদবের বাড়িতে গেলে, মন্টুর স্ত্রীর সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক রয়েছে— এই সন্দেহে বচসা শুরু হয়। খবর পেয়ে মন্টু বাড়ি ফিরে বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে বিকিকে আটকে রেখে বেধড়ক মারধর করেন।
পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে বিকিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পিঠাকেয়ারী হাসপাতাল এবং পরে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করার পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ সুরেন্দ্র যাদব ও দীপক যাদব নামে দু’জনকে গ্রেপ্তার করেছে এবং মূল অভিযুক্তের স্ত্রীকে আটক করেছে। ধৃতদের আসানসোল আদালতে পাঠানো হয়েছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।