CM Janatar Darbar: ‘বাড়িতে থাকতে ভয় পাচ্ছি’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অ্যাসিড আক্রান্ত তরুণী, জনতার দরবারের টিকিট না পেয়ে অপেক্ষা রাস্তাতেই | Acid Attack Survivor From Krishnanagar Seeks Justice at CM Suvendu Adhikari’s Janatar Darbar, Alleges Threats After Accused Gets Bail
অ্যাসিড ‘আক্রান্ত’ তরুণীImage Credit: Tv9 Bangla
কলকাতা: ভিতরে তখন চলছে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) জনতার দরবার। আর এদিকে সকাল থেকে রাস্তায় ঠায় দাঁড়িয়ে এক তরুণী। কৃষ্ণনগর থেকে এসেছেন। বছর পাঁচেক আগে অ্যাসিড হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু, বিচার পাননি। সেই বিচারের আশায় জনতার দরবারে (CM Janatar Darbar) এসেছিলেন। কিন্তু, প্রবেশের টিকিট ছিল না তাঁর কাছে। তাই, বিচারের আশায় রাস্তাতেই ঠায় দাঁড়িয়ে রইলেন। সেখান থেকেই নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানালেন তিনি।
কী অভিযোগ তরুণীর?
২০২১ সাল ১৪ জুলাইয়ের ঘটনা। অভিযোগ, সেদিন সন্ধে সাড়ে ৭টা নাগাদ ওই তরুণীর উপর অ্যাসিড হামলা করেছিল অচিন্ত্য শিকারী নামে এক স্থানীয় যুবক। সেই সময় ওই তরুণী একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। এই ঘটনার পর আদালতের বিচারে অপরাধী অচিন্ত্যর ছয় বছরের জেল হয়। কিন্তু সাজার মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই ওই অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছে বলে দাবি তরুণীর।
তরুণী ও তাঁর পরিবারের অভিযোগ, জেল থেকে বেরোনোর পর থেকেই অভিযুক্ত যুবক তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ। এমনকী, অভিযোগ মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে তাঁকে ও তাঁর পরিবারকে। এই পরিস্থিতিতে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মুখ্যমন্ত্রীকে কী আবেদন জানিয়েছেন?
ওই তরুণী বলেন, “বেরোনোর পর নানারকম হুমকি দিচ্ছে। মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। খুনের হুমকি দেওয়া হচ্ছে। বাড়িতে থাকতেই ভয় পাচ্ছি।” নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তের শাস্তির দাবিতেই আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আশা নিয়ে কলকাতার দরবারে ছুটে এসেছেন । টিকিট না থাকায় ভিতরে ঢুকতে না পারলেও, রাস্তায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর উদ্দেশে কাতর আবেদন জানিয়েছেন। দোষীর যাতে উপযুক্ত শাস্তি হয়, সেই দাবি জানিয়েছেন তিনি।