Tamannaah Bhatia: ‘তামান্নার শরীর দুধের মতো সাদা…’, অন্নু কাপুরের এমন মন্তব্যে এবার মুখ খুললেন খোদ তামান্না, কী বললেন অভিনেত্রী? | Tamannaah bhatia reacts annu kapoor controversial body shaming comment
গত বছর বলিউড অভিনেত্রী তামন্না ভাটিয়ার (Tamannaah Bhatia) গায়ের রং এবং শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন প্রবীণ অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor)। তাঁর সেই মন্তব্যকে ঘিরে নেটদুনিয়ায় ‘নারীবিদ্বেষী’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে ঝড়ের সৃষ্টি হয়েছিল। তবে সেই পুরনো বিতর্ককে এক ফুৎকারে উড়িয়ে দিলেন খোদ অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে তামন্না সাফ জানিয়ে দিলেন, এই ধরনের নেতিবাচক কথায় কান না দিয়ে তিনি কেবল নিজের কাজে মন দিতেই ভালোবাসেন।
বিতর্ক নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ অভিনেত্রী। সমালোচকদের উদ্দেশ্যে তিনি জানান, কী শোনা উচিত আর কোন কথাটি বর্জন করা দরকার, তা একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে তিনি ভালোভাবেই জানেন।
তমন্নার স্পষ্ট কথা, “আমরা যদি এই সমস্ত বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তবে জীবনে এক পা-ও এগিয়ে যাওয়া সম্ভব হবে না। আমি এই ধরনের বিতর্ক দেখিই না। আমি কেবল আমার কাজ এবং কেরিয়ারকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, সেদিকেই নজর দিই।” শুধু অভিনয় নয়, নিজের কাজকে একটি ‘পরিষেবা’ হিসেবে দেখতে ভালোবাসেন তিনি। কাজের নেপথ্যে সৎ উদ্দেশ্য থাকে বলেই তা দর্শকের মনে জায়গা করে নেয় বলে বিশ্বাস করেন এই জনপ্রিয় অভিনেত্রী।
ঠিক কী বলেছিলেন অন্নু কাপুর?
গত বছর একটি অনুষ্ঠানে ‘স্ত্রী ২’ ছবির সুপারহিট আইটেম গান ‘আজ কি রাত’ (Aaj Ki Raat) এবং তার দৃশ্যায়ন নিয়ে আলোচনা চলাকালীন অন্নু কাপুরের মুখে বিতর্কিত মন্তব্য শোনা যায়। সঞ্চালক গানটি সম্পর্কে তাঁর মতামত জানতে চাইলে তামান্নার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি অন্নু কাপুর বলেন, “মাশা আল্লাহ! কী দুধের মতো ফর্সা শরীর!”
এখানেই না থেমে প্রবীণ অভিনেতা আরও যোগ করেন, “বোন, আপনি আপনার গান, আপনার শরীর আর দুধের মতো ফর্সা মুখ দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়াচ্ছেন। খুবই ভালো কথা। দেশের ছোটরা যদি সুস্থভাবে ঘুমোতে পারে, তবে প্রকারান্তরে দেশের ওপরেই ঈশ্বরের কৃপা হবে। আপনার যদি আরও কোনো ইচ্ছা থাকে, ঈশ্বর যেন আপনাকে তা পূরণের ক্ষমতা দেন।”
অন্নু কাপুরের এই কুরুচিকর ও বডি শেমিং মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। একজন প্রবীণ অভিনেতার মুখে এমন মন্তব্যকে অত্যন্ত লজ্জাজনক বলে কটাক্ষ করেন নেটিজেনদের বড় একটা অংশ। তবে নিন্দুকদের কথায় পাত্তা না দিয়ে নিজের পেশাদারিত্ব ও সাফল্যের সঙ্গেই এগিয়ে চলেছেন তামন্না ভাটিয়া।