Kolkata Football: দুই প্রধানের আবেদনে সাড়া দিল রাজ্য, ISL-এ আর ভাড়া দিতে হবে না দুই প্রধানকে | Big Relief for East Bengal Mohun Bagan, Bengal Govt Waives Yuva Bharati Rent for ISL
কলকাতা: চলছে আইএসএল। এর মধ্যেই কলকাতার দুই প্রধান, ইস্টবেঙ্গল ও মোহনবাগান – এদেরকে স্বস্তি দিল রাজ্য সরকার। চলতি আইএসএল মঞ্চে হোম ম্যাচ হিসেবে দুই দলই ব্যবহার করে যুবভারতী স্টেডিয়াম। এবার থেকে আর কোনও হোম ম্যাচে এই দুই দলকে দিতে হবে না স্টেডিয়ামের ভাড়া। এর ফলে ক্লাব দুটির আর্থিক খরচ অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে। বুধবার এই ঘোষণা করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
সচরাচর যুবভারতীতে খেলতে গেলে ম্যাচ প্রতি লক্ষাধিক টাকা দিতে হয় রাজ্য সরকারকে। এবার থেকে এই আইএসএল এর জন্য আর এই টাকা দিতে হবে না। এর ফলে দুই ক্লাবের খরচ অনেকটা কমবে। তবে এর ফলে টিকিটের দাম কমবে কি না, তা জানানো হয়নি। এর আগে দুই ক্লাবের তরফ থেকেই রাজ্যের ক্রীড়া দপ্তরের কাছে আবেদন করা হয়েছিল, যাতে স্টেডিয়ামের ভাড়া মকুব করে দেওয়া হয়। দুই শতাব্দীপ্রাচীন ক্লাবের ‘কথা শুনল’ রাজ্যের ক্রীড়া দপ্তর।
ইস্টবেঙ্গলের জন্য আগেই এএফসি-র ম্যাচের ভাড়া মকুব করে দেওয়া হয়েছে। এবার আইএসএলও করে দেওয়া হল। একই সঙ্গে বাগানকেও আর দিতে হবে না স্টেডিয়ামের ভাড়া। তবে এই নতুন নয়, গত মরসুমেও দুই প্রধানের জন্য ভাড়া মকুব করে দেওয়া হয়। সেই সময় মোহনবাগান নিজেদের ঘরের মাঠ হিসেবে যুবভারতীকে বাছলেও লাল-হলুদ ব্রিগেড বেছে নিয়েছিল কিশোরভারতী স্টেডিয়ামকে। এই নিয়ে সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন লাল-হলুদ কর্মকর্তারা। খরচ কমাতে যুবভারতীতে ম্যাচ আয়োজন করতে চায়নি ক্লাবের প্রধান ইনভেস্টর ইমামি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দ্বারস্থ হন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা। তাঁর হস্তক্ষেপেই ইস্টবেঙ্গল ক্লাবের যুবভারতীতে খেলার সম্পূর্ণ খরচ মকুব করে দেয় যুবভারতী কর্তৃপক্ষ। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবারও।