ঘরের মাঠে হতশ্রী পারফরম্যান্স, মনবীরের গোলে জিতে মান বাঁচাল মোহনবাগান
নতুন মরশুমে নতুন জার্সি পরে খেলতে নেমেছিল মোহনবাগান। কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা গেল গোল মিসের পাহাড়, মাঝমাঠের ছন্নছাড়া ফুটবল এবং প্রতিপক্ষের আক্রমণের সামনে বিশাল কাইথের একক লড়াই। পোস্টের নিচে বিশাল ও গোলদাতা মনবীর, এই দুই ভারতীয় এ দিন বাঁচালেন মোহনবাগানকে।
চোটের কারণে অস্ট্রেলিয়ান তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এই ম্যাচেও মাঠের বাইরে ছিলেন। তার ওপর প্রথম একাদশে আপুইয়া ও মিগুয়েলের অনুপস্থিতিতে শুরু থেকেই চাপে ছিল দল। গোল করার লোকের অভাবটাকে কাজে লাগান অভিজ্ঞ ক্লিফোর্ড মিরান্ডা। তাঁর ছেলেরা শুরু থেকে চেপে ধরে মোহনবাগানকে।
১০ মিনিটে আলবার্তো সেকেন্ড পোস্ট থেকে সহজ বল আকাশে ওড়ান, এরপর দেজান দ্রাজ়িচও সহজ সুযোগ নষ্ট করেন। লি আরউইনের একটি শট চেন্নাই গোলকিপার নওয়াজ় রুখে দেওয়ার পর ফিরতি বলে ফাঁকা জালে বল ঠেলতে ব্যর্থ হন মনবীর। তবে প্রথমার্ধে বাগানের সৌভাগ্য যে তারা পিছিয়ে পড়েনি। চেন্নাই আক্রমণভাগের গোল মিসের হ্যাটট্রিক এবং গোলপোস্টের নিচে বিশাল কাইথের অতিমানবিক উপস্থিতিতে বিরতি পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকে।