সাগরমেলার প্রস্তুতি নিয়ে আজ কাকদ্বীপে মুখ্যমন্ত্রী
এই সময়, কাকদ্বীপ: আজ শনিবার কাকদ্বীপে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকের পরে একটি সভা করার কথা রয়েছে তাঁর। দুপুরে কাকদ্বীপ স্টেডিয়াম মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে কাকদ্বীপের রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে আগামী বছরের গঙ্গাসাগর মেলা।
শুক্রবার সকালে কাকদ্বীপে পৌঁছে সভাস্থল, হেলিপ্যাড-সহ বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক, সুন্দরবন পুলিশ জেলার সুপার–সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এ দিন সকালে হেলিকপ্টারের ট্রায়ালও করা হয়। প্রশাসনিক বৈঠকে জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি জেলা পরিষদের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
তবে এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। রাজ্যে সরকার পরিবর্তনের পর এই প্রথম নতুন বিজেপি সরকারের অধীনে আয়োজিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা। ফলে আগামী বছরের এই মেলাকে কেন্দ্র করে নতুন সরকারের পরিকল্পনা কী, মেলার পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে পুণ্যার্থীদের পরিষেবা, নিরাপত্তা, যাতায়াত এবং ভিড় নিয়ন্ত্রণে কী কী নতুন ব্যবস্থা নেওয়া হবে, সে দিকেই নজর থাকবে।
প্রতি বছর দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় গঙ্গাসাগরে। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে এই বিশাল জনসমাগম সামলানো প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। তাই আগে থেকেই প্রস্তুতি শুরু করা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, অস্থায়ী শিবির এবং জরুরি পরিষেবার পরিকাঠামো আরও উন্নত করার মতো বিষয়গুলি প্রশাসনিক আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে প্রশাসন সূত্রে ইঙ্গিত। সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা বলেন, ‘মুখ্যমন্ত্রী বেলা ১১টা নাগাদ আকাশপথে হেলিকপ্টারে কাকদ্বীপে পৌঁছবেন। সেখান থেকে সোজা প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। এর পর বৈঠক শেষ করে কাকদ্বীপ স্টেডিয়াম মাঠে একটি সভা করবেন। মুখ্যমন্ত্রী যে ভাবে নির্দেশ দেবেন, সেই ভাবেই আমরা মেলার প্রস্তুতি করব।’