সুপারট্যাঙ্কারে মাইন-বিস্ফোরণ, অবৈধ রুট দিয়ে হরমুজ় পেরোনোর চেষ্টার অভিযোগ রেভোলিউশনারি গার্ড কোরের - 24 Ghanta Bangla News
Home

সুপারট্যাঙ্কারে মাইন-বিস্ফোরণ, অবৈধ রুট দিয়ে হরমুজ় পেরোনোর চেষ্টার অভিযোগ রেভোলিউশনারি গার্ড কোরের

Spread the love

এই সময়: হরমুজ় প্রণালীতে জলে পাতা মাইনে ধাক্কা লেগে ভয়ঙ্কর বিস্ফোরণের শিকার হলো ২০ লক্ষ ব্যারেল অশোধিত তেলবাহী এক সুপারট্যাঙ্কার। জলপথে হামলার ঘটনা গত কয়েক সপ্তাহে বেড়ে গিয়েছে। মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলি অবরোধ করে রাখায় ইরান হামলা আরও জোরদার করেছে।

ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, শনিবার হরমুজ় দিয়ে যাওয়ার সময় জলে পাতা মাইনে ধাক্কা খাওয়ার পরই সুপারট্যাঙ্কারটিতে আগুন লেগে যায়। তাদের দাবি, সুপারট্যাঙ্কারটি তেহরানের অনুমোদন করা নয় এমন অবৈধ রুট দিয়ে হরমুজ় পেরোনোর চেষ্টা করছিল। এই খবর দিয়ে এক্স-এ জ্বলন্ত জাহাজটির একটি ভিডিয়ো পোস্ট করেছে ইরানের সরকারি প্রেস টিভি। আইআরজিসি এক বিবৃতিতে অভিযোগ করেছে, তেলবাহী সুপারট্যাঙ্কারটি তাদের পজ়িশনিং ও রেডার সিস্টেম বন্ধ রেখে হরমুজ় পেরোচ্ছিল, যাতে ইরান ধরতে না পারে। ইরানের দখলে থাকা হরমুজ় বন্ধই আছে বলে ফের হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, ‘যারা ইরানের কথা না মেনে ‘সন্ত্রাসী’ মার্কিন বাহিনীর কথায় বিশ্বাস করে যাতায়াতের চেষ্টা করবে, তারা ফল ভুগবে।’

হরমুজ় দিয়ে যাতায়াতকারী অয়েল ট্যাঙ্কারগুলির উপর হামলার নতুন নতুন কৌশল চালু করেছে ইরান। সংবাদসংস্থা রয়টার্সকে ইরানের দুই উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারে বাড়িয়ে রাখতে ও আমেরিকার আসন্ন মিডটার্ম ইলেকশনকে প্রভাবিত করতে চায় তেহরান। তবে ইরান ও আমেরিকার এই সব হামলার শিকার যে শুধু অয়েল ট্যাঙ্কার তা নয়, সাধারণ কার্গো ও কন্টেনার জাহাজ লক্ষ্য করেও আক্রমণ চালানো হচ্ছে। অনেক জাহাজই পুরো অচল হয়ে যাচ্ছে, জলে ডুবেও যাচ্ছে। ফলে আট মাস ধরে চলতে থাকা এই যুদ্ধের ব্যাপক প্রভাব সামগ্রিক ভাবে বিশ্বজুড়ে অর্থনীতির উপর পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *