আরামবাগের মহিলা পরিচালিত পুজোয় থাকছে সুলভে রক্ত পরীক্ষার ব্যবস্থাও - 24 Ghanta Bangla News
Home

আরামবাগের মহিলা পরিচালিত পুজোয় থাকছে সুলভে রক্ত পরীক্ষার ব্যবস্থাও

Spread the love

এই সময়, আরামবাগ: আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর দায়িত্বে রয়েছেন মহিলারাই। এই পুজো কমিটির সভাপতি কাকলি মাল এবং সম্পাদক মানসী সাঁতরা। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিল‍িয়ে পুজোর দায়িত্ব পালন করছেন মিতা কুণ্ডু, সোমা মণ্ডলরা। মহিলা পরিচালিত হলেও ছেলেরাও তাঁদেরকে সাধ্যমতো সাহায্য করছেন।

পুজোর প্রস্তুতি শুরু হয়েছিল কয়েক মাস আগে থেকেই। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া, দমকল ও বিদ্যুৎ দপ্তরের কাছ থেকে ছাড়পত্র নেওয়া, সরকারি দপ্তর থেকে অনুমতি আদায়, অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া, সব কাজই সামলেছেন মহিলা উদ্যোক্তারা। মহাষষ্ঠীর সন্ধ্যায় পুজোর উদ্বোধন হয়েছে। পুজোর দিনগুলিতে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে সচেতনতামূলক কর্মসূচি।

সাধারণ মানুষের সুবিধার্থে সুলভে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। থাকছে অঙ্কন, হাতের লেখা, শঙ্খধ্বনি ও মোমবাতি প্রজ্জ্বলন প্রতিযোগিতাও। অন্যান্য বছরের মতো এ বারও মহাষ্টমীর দিন পাড়ার প্রতিটি বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়া হবে। বিজয়া দশমীতে বিদ্যাসাগর পল্লির সমস্ত বাসিন্দাদের জন্য থাকছে খিচুড়ি ভোগের। পুজো কমিটির সম্পাদক মানসী সাঁতরা জানান, আগে এই পাড়ায় কোন পুজো হতো না। এ বার পুজো শুরু হওয়ায় সবাই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *