‘জাতীয় স্বার্থে’ বড় সিদ্ধান্ত আমেরিকার! রুশ জ্বালানির ওপর শুল্কের খাড়া তুলে নিলেন ট্রাম্প
ওয়াশিংটন: ইউক্রেন সংঘাতের আবহে রাশিয়ার ওপর চাপ বাড়াতে তৈরি করা কঠোর আইন থেকে বড়সড় ছাড়ের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন জাতীয় স্বার্থের কথা…
ওয়াশিংটন: ইউক্রেন সংঘাতের আবহে রাশিয়ার ওপর চাপ বাড়াতে তৈরি করা কঠোর আইন থেকে বড়সড় ছাড়ের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে ‘গ্রাহাম আইন’ বা ‘স্যাম্পশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’-এর আওতায় থাকা সমস্ত নিষেধাজ্ঞা, বাণিজ্য বিধিনিষেধ ও অতিরিক্ত শুল্ক মকুব করেছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় জারি করা এক কার্যনির্বাহী আদেশে এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের এই পদক্ষেপে ভারত ও চিনের মতো প্রধান জ্বালানি আমদানিকারক দেশগুলির ওপর অতিরিক্ত শুল্কের খাঁড়া পড়ার শঙ্কা আপাতত কেটে গেল।
গত ১৮ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে পাস হওয়া এই আইনের মূল লক্ষ্য ছিল মস্কোর জ্বালানি খাত এবং যে দেশগুলি নিয়মিত রুশ তেল ও গ্যাস কেনে, তাদের ওপর কড়া অর্থনৈতিক চাপ সৃষ্টি করা। এই আইনের অধীনে রুশ পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক এবং প্রধান ক্রেতাদেশগুলির ওপর ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্কের সংস্থান রাখা হয়েছিল। তবে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় এই সমস্ত সম্ভাব্য শুল্ক ও নিষেধাজ্ঞা থেকে সাময়িক ছাড় মিলল।
ভারতের পক্ষ থেকে আগেই সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে, দেশের সাধারণ মানুষের জন্য সুরক্ষিত ও সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই তাদের আমদানির একমাত্র মাপকাঠি। আমেরিকার প্রস্তাবিত কঠোর ব্যবস্থার বিরোধিতা করেছিল চিনও। বিশ্লেষকদের মতে, এই ছাড় দেওয়ার নেপথ্যে রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ। বর্তমান পরিস্থিতিতে নতুন করে নিষেধাজ্ঞা চাপালে বিশ্ববাজারে জ্বালানির দাম আরও আকাশছোঁয়া হতে পারত, যা আগামী নভেম্বর মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে আমেরিকান গ্রাহকদের ক্ষোভের মুখে ফেলতে পারত ট্রাম্প প্রশাসনকে।
এই জ্বালানি সংকটের মাঝেই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ভারত সফরে আসছেন। মুম্বইয়ে বৈঠকের পর তাঁর জামনগরে বিশ্বের বৃহত্তম শোধনাগার সংস্থায় যাওয়ার কথা রয়েছে। এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলির রুশ জ্বালানি কেনার বিষয়টি নিয়মিত নজরদারি করা হবে এবং ট্রাম্প বা প্রশাসনের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ছাড় বহাল থাকবে।
দিল্লির যন্তর মন্তরের রেশ লন্ডনে! ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে সরব ধ্রুব রাঠি
ইরানে হামলার ছক! ‘মাদার অব অল বম্বস’ কি ধ্বংস করতে পারবে পাহাড়ের নীচে থাকা পরমাণু ঘাঁটি?