ভারতীয় জ্ঞানচর্চার কেন্দ্র হবে এনএসওইউ–তে
এই সময়: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়কে (এনএসওইউ) ভারতীয় জ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শনিবার তিনি বলেন, ‘এমন ব্যবস্থা তৈরি করা উচিত, যাতে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও এনএসওইউ–তে ভারতীয় জ্ঞান পরম্পরা বিষয়ক কোর্স করতে পারেন। সেই সঙ্গে দু’টি বা তিনটি ক্রেডিট অর্জন করতে পারেন।’
এই কোর্স শেষের পরে ছাত্রছাত্রীরা এনএসওইউ থেকে শংসাপত্র পাবেন। সেখানে তাঁদের অর্জিত ক্রেডিটের উল্লেখ থাকবে। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণীর আইআইএসইআর এবং শিবপুরের আইআইইএসটির মতো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই কোর্স করার সুযোগ পাবেন বলেই তাঁর আশা।
‘জাতীয় শিক্ষানীতি–২০২০’-এর বাস্তবায়নের এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এ দিন উপস্থিত ছিলেন জগন্নাথ। উদ্বোধনী ভাষণে তিনি মুক্ত ও দূরশিক্ষার মাধ্যমে সাধারণ মানুষের কাছে উচ্চশিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এনএসওইউ–র গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। ‘জাতীয় শিক্ষানীতি–২০২০’ কার্যকরে বিশ্ববিদ্যালয়ের নানা উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। তিনি জানান, দেশের মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ন্যাক মূল্যায়নে এনএসওইউ–র অবস্থান ভালোই।