Bigg Boss Bangla: ‘বের করে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে… কুকুর!’ হাউজমেটদের তোপ দুর্নিবারের, ঝিলমকে তাড়াতে চেয়েছিলেন গায়ক? | Bigg Boss Bangla: Durnibar Saha Calls Housemates ‘Dogs’ Over Dipendu Biswas’ Eviction, Friendship with Jhilam Gupta Ends
বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে প্রতি মুহূর্তেই বদলায় সমীকরণ। কে কখন বন্ধু থেকে শত্রু হয়ে যান, তা আগে থেকে বোঝা বড় দায়। গত বুধবার সপ্তাহের মাঝপথেই বিগ বসের ঘরে ঘটে গেল এমনই এক ঘটনা। মাঝ-সপ্তাহের এলিমিনেশনে খেলা থেকে বাদ পড়লেন দীপেন্দু বিশ্বাস। আর তাঁর এই বিদায়কে কেন্দ্র করেই চির ধরেছে দুর্নিবার সাহা এবং ঝিলম গুপ্তর চর্চিত বন্ধুত্বে।
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। হাউজমেটদের বিভিন্ন কথার ভিত্তিতে বিগ বস সরাসরি শাস্তিস্বরূপ দু’জনকে নমিনেট করেছিলেন। এই তালিকায় ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং ঝিলম গুপ্ত। বুধবার ছিল সেই এভিকশন পর্ব। সেখানে জীতু কমল সহ ঘরের বেশিরভাগ সদস্য দীপেন্দুকে ভোট দেন। আর হাউজমেটদের ভোটের নিরিখেই শো থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে হয় তাঁকে।
দীপেন্দু চলে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন ঘরের প্রায় সকলেই। ঝিলম, তনুশ্রী সহ অনেকেরই চোখে জল দেখা যায়। কিন্তু জীতু সহ ঘরের বেশিরভাগ সদস্য দীপেন্দুকে ভোট দিয়ে বের করে দিয়েছেন, এটা কিছুতেই মেনে নিতে পারেননি দুর্নিবার। দীপেন্দুর বিদায়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায় তাঁকে। ঘরের সবাই যখন দীপেন্দুকে বিদায় জানানোর জন্য দাঁড়িয়ে ছিলেন, তখন দুর্নিবারকে বিড়বিড় করে বলতে শোনা যায়, “বার করে দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে ‘কুকুর’।”
এই বিদায় শুধু একজনের বেরিয়ে যাওয়াতেই আটকে থাকল না, বরং ঘরে জ্বালিয়ে দিয়ে গেল এক বড়সড় বিতর্কের আগুন। যেহেতু নমিনেশনে ঝিলমও ছিলেন এবং ঝিলম দুর্নিবারের বন্ধু, তাই অনেকেরই মনে প্রশ্ন ওঠে, তাহলে কি দুর্নিবার চাইছিলেন দীপেন্দুর বদলে ঝিলমই বেরিয়ে যান?
দীপেন্দু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় আসল টানাপোড়েন। দীপেন্দু আউট হওয়ায় এবং ঝিলম সেফ হয়ে যাওয়ায় মারাত্মক রেগে যান দুর্নিবার। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি সোজা এগিয়ে যান ঝিলমের দিকে। তাঁকে রীতিমতো কড়া মেজাজে ‘শুভেচ্ছা’ জানান। দুর্নিবারের এমন রাগী চেহারা আর চোখমুখের অভিব্যক্তি দেখে রীতিমতো ভয় পেয়ে যান ঝিলম। তিনি বুঝতেই পারছিলেন না তাঁর অপরাধ ঠিক কোথায়! বারবার দুর্নিবারকে তিনি জিজ্ঞেস করতে থাকেন, দীপেন্দুর এই হঠাৎ চলে যাওয়ার পেছনে সত্যিই কি তিনি কোনওভাবে দায়ী? কিন্তু দুর্নিবার কোনও উত্তর দেন না। অদ্ভুত এক নীরবতা পালন করে বুঝিয়ে দেন নিজের ক্ষোভ।
তবে এখানেই গল্পের শেষ নয়। দুর্নিবারের এই রূঢ় আচরণ গভীরভাবে আঘাত করেছে ঝিলমকে। আর সেই অপমানের কড়া জবাব তিনি ফিরিয়ে দিয়েছেন চলতি সপ্তাহের নমিনেশন পর্বে। বিগ বসের নমিনেশনের ঘরে গিয়ে সটান দুর্নিবারকেই নমিনেট করে বসেছেন ঝিলম। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন নিজের মনের কথা। ঝিলম জানান, বিগ বসের এই বাড়িতে দুর্নিবারকে তিনি অত্যন্ত কাছের মানুষ এবং ভালো বন্ধু বলে মনে করতেন। কিন্তু দীপেন্দু চলে যাওয়ার পর দুর্নিবার তাঁর সঙ্গে যে আচরণ করেছেন, তাতে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন। সেই কারণেই দুর্নিবারকে তিনি নমিনেট করলেন।
দুর্নিবার এবং ঝিলমের এই সমীকরণ এখন বিগ বসের ঘরের চর্চিত বিষয়। দীপেন্দুর এভিকশন এক লহমায় বদলে দিয়েছে দুজনের রসায়ন। আগামী দিনে এই ভাঙা বন্ধুত্ব আবার কখনও জোড়া লাগে কি না, সেটাই এখন দেখার।