Koel Mallick: ‘আমি কারোর সম্পর্কে খারাপ কথা বলব না…মানুষের সেবা আমি জানি’, বিজেপিতে যোগ দিয়ে বললেন কোয়েল | Koel Mallick Joins BJP, Set to Contest Rajya Sabha Election on Party Ticket
কলকাতা: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক। তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। পরে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার পরই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি। তারপর থেকেই কোয়েলের বিজেপিতে যোগদানের জল্পনা ছড়ায়। জল্পনার অবসান ঘটিয়ে এবার ‘পদ্মাসনে’ কোয়েল। বিজেপি টিকিটে ফের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন তিনি। আজই রাজ্যসভায় মনোনয়ন জমা দেবেন তিনি। তার আগে মুরলিধর লেনে বিজেপি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন কোয়েল। ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। একইসঙ্গে জানালেন, মানুষের জন্য কাজ করতে চান তিনি।
কোয়েল বলেন, “রাজ্যসভার সদস্য হতে পেরে নিজেকে সম্মানিত ও ধন্য মনে করছি। এটা বড় দায়িত্ব। দেশের মানুষের কল্যাণ এবং সেবা করার যে ধর্মটা পালন করে থাকি, তার জন্য একটা প্ল্যাটফর্ম পেলে খুব স্বাভাবিকভাবে ক্ষমতাটা বেড়ে যায়। তার জন্য খুবই আনন্দিত। আমি ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ওঁরাই আমাকে বেছে নিয়েছেন।”
কেন বিজেপিতে যোগদান? কোয়েল বলেন, “শেষ কিছু মাস ধরে বাংলায় যেভাবে উন্নয়নের কাজ শুরু হয়েছে, সেটা দেখে আমরা খুবই আনন্দিত। রাজ্যের উন্নয়ন হোক, এটাই মানুষ চায়। আসলে এটা এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা সংবাদপত্র পড়ে হয়তো ইস ইস বলতে পারতাম, সেখানে যদি আমি কোনও কিছু যোগ করতে পারি, তাহলে আমি ধন্য মনে করছি।”
তিনি আরও বলেন, “আমি চাই বাংলার মানুষ যেন আনন্দে থাকে। কাজ যেন বাড়ে। সোশ্যাল মিডিয়ায় এত টক্সিসিটি কেন বেড়ে যাচ্ছে, সেটাও তো জানতে হবে। আমরা শুধু দেখছি টক্সিট। আসলে কাজ নেই, কাজের অভাব। পশ্চিমবাংলায় যদি স্কুল বাড়ত, যেখানে শিক্ষাদানটা যেন ভালো। যাঁরা প্রিভিলেজড নয়, তাদের জন্য ভাবতে হবে। সেই সংখ্যাটা বেশি।”