দার্জিলিংয়ের বিখ্যাত ক্যাপিটাল হলে গড়ে উঠবে মিউজ়িয়াম
অনিমেষ দত্ত
পুজোর আগেই দার্জিলিং-প্রিয় বাঙালির জন্য সুখবর। নতুন সাজে, নয়া আঙ্গিকে ফিরতে চলেছে দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা শতাব্দীপ্রাচীন ক্যাপিটাল হল।
দার্জিলিংয়ের চৌরাস্তা হয়ে গ্লেনারিজ় পেরিয়ে কেভেন্টার্স। তার সামনেই দাঁড়িয়ে রয়েছে ওই শতাব্দীপ্রাচীন ব্রিটিশ স্থাপত্য। ক্যাপিটাল হলের উপরে রয়েছে ৭৫ ফুটের সেই বিখ্যাত ক্লক টাওয়ার। দার্জিলিং বেড়াতে গিয়ে ওই ক্লক টাওয়ারের ছবি তোলেননি, এমন বাঙালি খুব কমই আছেন। এই ভবনের একদিকে আবার দার্জিলিং পুরসভার অফিস। আশির দশক পর্যন্ত এখানে একটি প্রেক্ষাগৃহ ছিল। পরে সেটি বন্ধ করে দেওয়া হয়। তার পর থেকে আজ পর্যন্ত প্রশাসনিক কাজ বাদ দিয়ে ক্যাপিটাল হলের দিকে বিশেষ নজর দেয়নি কেউ। অবশেষে এতদিন পরে ‘ঘুম ভেঙেছে’ প্রশাসনের।