২ কিমি এলাকা ‘রেড জোন’ ঘোষণা, পুজোর আগে সমুদ্র স্নানে একাধিক নিষেধাজ্ঞা
মন্দারমণি: একের পর এক পর্যটকের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করল প্রশাসন। দুর্ঘটনা রুখতে মন্দারমণি সমুদ্র সৈকতের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে সমুদ্র স্নানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা…
মন্দারমণি: একের পর এক পর্যটকের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করল প্রশাসন। দুর্ঘটনা রুখতে মন্দারমণি সমুদ্র সৈকতের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে সমুদ্র স্নানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে মোহনা সংলগ্ন বিপজ্জনক এলাকাটিকে ‘রেড জোন’ (Red Zone) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, গত এক মাসে মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার বেশ কয়েকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। পর্যটকদের এই লাগাতার প্রাণহানি ঠেকাতেই এ বার কঠোর জিরো টলারেন্স নীতি নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও মন্দারমণি উপকূল থানা।
প্রশাসনের উদ্যোগে মন্দারমণির ৩ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় প্রায় ২ কিলোমিটার জুড়ে সমুদ্র সৈকতে বাঁশের খুঁটি পোতা হয়েছে। সেই বাঁশে লাল ফিতে ও দড়ি বেঁধে স্পষ্ট ব্যারিকেড তৈরি করা হয়েছে, যাতে দূর থেকেই পর্যটকরা বুঝতে পারেন যে এটি বিপজ্জনক বা ‘রেড জোন’ এলাকা। এই সীমানার মধ্যে যাতে কেউ সমুদ্রে নামতে না পারেন, সে বিষয়ে লাগাতার নজরদারি চালাবে পুলিশ ও নুলিয়ারা।
সমুদ্র সৈকতে কড়া নিয়মাবলী
শুধুমাত্র ‘রেড জোন’ ঘোষণা করেই শেষ নয়, পর্যটকদের সুরক্ষায় একগুচ্ছ কড়া নিয়ম চালু করেছে প্রশাসন। এর মধ্যে রয়েছে-
- সমুদ্রে হাঁটু জলের বেশি নামা যাবে না।
- মদ্যপান করে সমুদ্র সৈকতে ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ।
- সমুদ্রের ধারে বা বালুবেলায় নোংরা বা প্লাস্টিক ফেলা যাবে না।
- মোহনা অঞ্চলে সমুদ্রে নামায় কড়া নিষেধাজ্ঞা রয়েছে।
- রাত ১০টার মধ্যে সমস্ত হোটেলের গেট ও দরজা বন্ধ করতে হবে।
পুজোর আগে বাড়তি প্রস্তুতি
সামনেই দুর্গাপুজো। এই উৎসবের মরশুমে মন্দারমণিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পুজোয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য এখন থেকেই অতিরিক্ত তৎপরতা শুরু হয়েছে। দিঘার পাশাপাশি মন্দারমণিতেও পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়া পর্যটকদের সুরক্ষায় থাকছে বাড়তি উদ্ধারকারী দল, অভিজ্ঞ নুলিয়া এবং নতুন স্পিডবোট। প্রশাসনের এই কঠোর পদক্ষেপে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত হবে বলেই মনে করা হচ্ছে।
‘রাজনীতি এখন স্কাউন্ড্রেলদের আস্তাকুঁড়’,ক্ষোভ উগড়ে রাজনীতি থেকে অবসরের পথে মদন?
INDI জোটে নতুন সমীকরণ: অতীত বৈরিতা ভুলে বাম প্রস্তাবকে সমর্থন মমতার