পাইপলাইনে ফাটল, নির্জলা বালুরঘাট, দ্রুত মেরামতি - 24 Ghanta Bangla News
Home

পাইপলাইনে ফাটল, নির্জলা বালুরঘাট, দ্রুত মেরামতি

Spread the love

এই সময়, বালুরঘাট: পুজোর মুখে দু’দিন নির্জলা বালুরঘাট। পানীয় জল সরবরাহের লাইনে সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার থেকে বন্ধ রাখা হয়েছে পুরসভার জল পরিষেবা। আজ, বুধবারও পরিষেবা স্বাভাবিক হবে না বলে খবর। ফলে পানীয় জলের জন্য বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে শহরের বাসিন্দাদের।

ইতিমধ্যে অনেকে বাইরে থেকে জল কিনে প্রয়োজন মেটাচ্ছেন। মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকায় মাইকে প্রচার করে পানীয় জল সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে পুরসভা।

বালুরঘাট পুরসভার ২২টি ওয়ার্ডে প্রায় ২০ হাজার পরিবার পুরসভার সরবরাহ করা পানীয় জলের উপরে নির্ভরশীল। প্রতিদিন দু’দফায় বাড়ি বাড়ি জল দেওয়া হয়। পরিষেবা বন্ধ থাকায় খাওয়ার জল কিনতে হয়েছে বাইরে থেকে। রান্না ছাড়াও নিত্যদিনের নানা কাজে সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

পুরসভা সূত্রে খবর, ডাঙাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে মঙ্গলপুর ভিডিয়ো হল এলাকায় জাতীয় সড়কের নীচ দিয়ে যাওয়া জল সরবরাহের মূল পাইপলাইনে ফাটল ধরা পড়ে রবিবার। ওই অংশ দিয়ে জল বেরিয়ে যাওয়ায় বাড়ির লাইনে প্রেসার (জলের চাপ) কম ছিল। প্রথমে সেটা বুঝতে পারেননি পুরকর্তৃপক্ষ। সোমবার পরিস্থিতি খতিয়ে দেখে পাইপলাইন মেরামতির কাজ শুরু হয়। কাজ চলাকালীন জ্বল সরবরাহ ব্যবস্থা চালু রাখা সম্ভব নয় বলে মঙ্গলবার থেকে শহরে পানীয় জল পরিষেবা বন্ধ রাখা হয়। আজ, বুধবারও মেরামতির কাজ চলবে।

আত্রেয়ী নদীর জল হোসেনপুর কেন্দ্রে পরে পরিশোধনের পাইপলাইনের মাধ্যমে শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছনো হয়। বালুরঘাট পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিমূল সিংহ বলেন, ‘প্রতিদিন দু’বার করে পুরসভার জল আসে। সোমবার জল দেওয়া হলেও প্রেসার খুব কম ছিল। আজ একবারও পুরসভার জল আসেনি। সমস্যার কারণ জানতে পুরসভায় ফোন করে পাইপ ফেটে যাওয়ার বিষয়টি জানতে পারি।’ বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, ‘মূল পাইপলাইনে সামান্য লিকেজ় ধরা পড়েছে। সেটি মেরামতির কাজ শুরু হয়েছে। বুধবার পর্যন্ত কাজ চলবে। সেই কারণেই দু’দিন জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *