স্কুটারের দাম বেশি কেন? প্রশ্ন করায় মার ক্রেতাকে
এই সময়, শিলিগুড়ি: নগদে স্কুটার কিনতে গিয়ে জুটল বেধড়ক মার! নির্ধারিত দামের থেকে বেশি টাকা নিয়ে দু’চাকা বিক্রির প্রতিবাদ করতেই ক্রেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। সোমবার সেবক রোডে সিনেমা হল সংলগ্ন একটি মোটরবাইক শো-রুম কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম পেশায় বেসরকারি ব্যাঙ্কের কর্মী শুভম তিওয়ারি। প্রহৃত হয়েছেন তাঁর ভাই শচীনও। যদিও ঘটনার পরে শোরুমের ম্যানেজার-সহ সমস্ত কর্মী উধাও হয়ে যান। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভক্তিনগর থানার পুলিশ। মারধরের কারণে শুভমের নাক-মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। তাঁর মাথায় ও চোখে গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছে পরিবার।