Industrial Land: ‘নোটিস দেওয়া হচ্ছে, জমি ফেরত নেওয়া হবে’, এবার কোন শিল্পপতিদের থেকে জমি ফেরত নেবে সরকার? স্পষ্ট করে দিলেন মন্ত্রী | Industrial Land to Be Taken Back: Dilip Ghosh Warns Investors Over Delayed Projects
কলকাতা: যে সব শিল্পপতিরা শিল্পের জন্য জমি নিয়েছিলেন, কিন্তু তাঁরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিল্প গড়ে তুলতে পারেননি, তাঁদের আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে যে গৌতম আদানি, সেদিনই আরও একবার সেই শিল্পপতিদের সতর্ক করলেন গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বুঝিয়ে দিলেন, যে সব শিল্পপতিরা জমি নিয়েও শিল্প গড়ে তুলতে পারেননি, তাঁদের জমি ফেরত নিয়ে নেবে সরকার। বৃহস্পতিবার নিউটাউনে সাংবাদিকদের সামনে দিলীপ বললেন, “শিল্পপতিরা সরকারের কাছ থেকে যেসব জমি নিয়েছিলেন সময় সীমার মধ্যে শিল্প গড়ে তোলার কথা ছিল, কিন্তু করেননি, সেই সকল জমি ফেরত নেওয়া হবে।”
পাশাপাশি তিনি এটাও মনে করিয়ে দিলেন, “আগামী দিনে যাঁরা শিল্পের জন্য জমি নেবেন, তাঁদের তিন বছরের মধ্যে কারখানা গড়ে তুলতে হবে।” উল্লেখ্য, বাংলায় পালাবদলের পর রাজ্যে শিল্পে জোয়ার এসেছে। বুধবার ৩২ টি সংস্থাকে জমি হস্তান্তর করেছেন মুখ্যমন্ত্রী। আজ, বাংলায় এসেছেন গৌতম আদানি। নিউটাউনে ২০০০ শয্যা বিশিষ্ট আদানি গোষ্ঠীর হাসপাতালের শিলান্যাস হবে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দিলীপ বললেন, ” গৌতম আদানি এর আগেও রাজ্যে এসেছেন, বেঙ্গল সামিটে থাকতেন। কিন্তু তিনি ইনভেস্ট করেননি। কারণ আগের সরকারের ওপর ভরসা ছিল না।” কেন বিশ্বাস করতেন না, তার কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, ” একদিকে আদানি বিরুদ্ধে আন্দোলন করতেন পার্লামেন্টে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ‘গৌতমজি’, ‘গৌতমজি’ বলে ডেকে নিয়ে আসতেন। এই যে ডুপ্লিসিটি ছিল, এই জন্য কেউ বিশ্বাস করতেন না।”
দিলীপের কথায়, “এই মুহূর্তে দেশের বড় বড় শিল্পপতিরা বাংলায় বিনিয়োগ করতে চান। সরকার জমি দেবে, অন্যান্য সুবিধা দেবে। তাঁদের সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা হচ্ছে ওনারা আসছেন। খুব শীঘ্রই বহু শিল্পপতিরা এ রাজ্যে এসে শিল্প শুরু করবে।”