সাঁকোতে ফাটল, গ্রামে ঢুকতে পারছে না অ্যাম্বুল্যান্সও
বাবলু সাঁতরা, দাসপুর
কাঠের সাঁকোর সঙ্গে কংক্রিটের ব্রিজের সংযোগ করে তার উপর দিয়ে যাতায়াত করছেন এলাকার মানুষজন। সাইকেল, মোটরবাইক নিয়ে যাতায়াত করা গেলেও ভারি যানবাহন বন্ধ। চরম সমস্যায় পড়েছে এলাকার মানুষ। তাঁদের দাবি, অ্যাম্বুল্যান্স পর্যন্ত যেতে পারে না গ্রামে। প্রায় ছয় বছর আগে দাসপুর-২ ব্লকের মহিষঘাটা ব্রিজের রাস্তা ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজটি। দীর্ঘদিন বন্ধ রয়েছে গাড়ি চলাচল। নতুন ব্রিজ তৈরির দাবিতে একাধিক বার আন্দোলনও হয়েছে। কিন্তু কোনও সুরাহা না হওয়ায় ক্ষোভে ফুঁসছে মহিষঘাটা–সহ আশপাশের বহু গ্রামের বাসিন্দারা।