Loksabha Election 2024: কল্যাণ থেকে সায়ন-সুভাষ, ভোট-প্রচারে সবুজ-লাল-গেরুয়ার মাখামাখি – Bengali News | Loksabha Election 2024 Vote Campaign during dol tmc cpim congress
জমজমাট ভোট প্রচার। Image Credit source: TV9 Bangla
কলকাতা: ভোটের আবহে দোল। আর দোল মানেই জনসংযোগের মোক্ষম সুযোগ। ডান, বাম, লাল, গেরুয়া— রং, মতাদর্শ যাই হোক না কেন, সোমবার ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়লেন সমস্ত দলের প্রার্থীরাই। তৃণমূলের কল্যাণ-কীর্তি থেকে বিজেপির দিলীপ-সুকান্ত, সিপিএমের সায়ন-নীলাঞ্জন থেকে কংগ্রেসের আলি ইমরান রামজ, চুটিয়ে প্রচার আর জনসংযোগ করলেন প্রত্যেকে।
সোমবার সকাল থেকে দোলের রঙে রঙিন হয়ে জনসংযোগ সারলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই তিনি শ্রীরামপুরে বসন্তে উৎসবে সামিল হন। এবারও তার অন্যথা হল না। শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করেন তিনি। বটতলায় ইন্ডিয়া জুটমিলের শ্রমিক মহল্লায় গিয়ে বালাজি তিরুপতি পুজোয় যোগ দেন। সেখান থেকে চাতরা দোল মন্দিরে যান। পথে পিচকারি নিয়ে রং খেলতেও দেখা যায় কল্যাণকে। এ কেন্দ্রের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বোস মাহেশ জগন্নাথ মন্দিরে পুজো দেয় এদিন। যাদবপুরের সায়নী, সৃজনরাও জমাটি প্রচার করেন।
আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ গোঘাটে বসন্ত উৎসবে শামিল হন। সকলের সঙ্গে আবির মেখে হইহই করে সময় কাটাতে দেখা যায় আরামবাগের তৃণমূল প্রার্থীকে। বাঁকুড়ার বিষ্ণুপুরে সাত সকালে কচি কাঁচাদের সঙ্গে নিয়ে রঙ খেলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। অন্যদিকে এ কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলও নাচে গানে একেবারে জমিয়ে দেন বসন্ত।

রঙ মেখে প্রচারে দেখা যায় বাঁকুড়ার বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তকে। বিজেপি প্রার্থী সুভাষ সরকারও পাড়ায় পাড়ায় ঘুরে রঙ দেন, জনসংযোগ করেন। খোল কীর্তন সহযোগে রং মেখে প্রচারে নামেন তিনি।

দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত সোদপুর ঘোলায় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। নৈহাটি বড়মার মন্দিরে পুজো দেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এ কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে দেখা যায় এদিন নৈহাটিতে খোল বাজিয়ে গান গাইতে বসন্ত উৎসবে মাততে।

প্রচারে বেরিয়ে রঙের উৎসবে মাতেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বসন্ত উৎসবে দেখা গেল জোট ও তৃণমূলের দুই প্রার্থীকে। কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তকে প্রণাম করলেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। আবিরও দেন একে অপরকে। ছিলেন কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজও।

পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোও এদিন প্রচারে নামেন। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকেও এদিন বসন্ত উৎসবে সামিল হতে দেখা যায়।
বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার কালনায় জাপট এলাকায় ভবা পাগলার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তৃণমূলের প্রার্থী শর্মিলা সরকারকে নিয়ে গান বেঁধে তা শোনান প্রচারে। অন্যদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ স্থানীয় কালীমন্দিরে পুজো দিয়ে রং খেলে ভোট প্রচার শুরু করেন।
অন্যদিকে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দিয়ে প্রচার করেন এদিন। উলুবেড়িয়া থেকে বিজেপির প্রার্থী হয়েছেন হাওড়া গ্রামীণের বিজেপি সভাপতি অরুণউদয় পাল চৌধুরী। আবির খেলে প্রচারে দেখা যায় তাঁকে।
রাজনীতির মতবিরোধ ভুলে দোলের আবহে মিলেমিশে একাকার তৃণমূল ও বিজেপি। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহাকে সবুজ আবির মাখান বোলপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল নেতা চন্দন মণ্ডল। পাল্টা তৃণমূল কাউন্সিলরকে গেরুয়া আবির মাখান পিয়া সাহা। দু’জনই জানিয়েছেন, রাজনীতি ভুলে রঙের আবহে মাতার দিন এটা।
দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বসন্ত উৎসবে সামিল হলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। প্রচার করেন দিলীপ ঘোষও। বালুরঘাটে নির্বাচনী প্রচার করেন বিজেপি প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সুকান্তর সঙ্গে ছিলেন টলিউডের অভিনেত্রী অঞ্জনা বসু।

আলিপুরদুয়ার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগর মাঠে বসন্ত উৎসব হয়। সেখানে জনসংযোগে যান আলিপুরদুয়ার লোকসভার তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক। দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে দেখা যায় সোনারপুরের বাড়িতে আবির খেলতে।

তমলুক লোকসভার সিপিএম প্রার্থী এদিন সস্ত্রীক প্রচারে নামেন। মহিষাদল রাজবাড়িতে দোল উৎসবে জনসংযোগে দেখা যায় প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এদিন বহরমপুর শহরের জেএন একাডেমি স্কুল সংলগ্ন এলাকায় পার্কে দোল উৎসবে উপস্থিত হন। মতুয়াভক্ত ও দলীয় কর্মীদের সঙ্গে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আবির খেলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর।