১০ হাজারে ৪০০ ঘণ্টা খাটুনি! ‘ধুরন্ধর ২’-র ‘রিজওয়ান’ জীবন সংগ্রামের গল্প চোখে জল আনবে - 24 Ghanta Bangla News
Home

১০ হাজারে ৪০০ ঘণ্টা খাটুনি! ‘ধুরন্ধর ২’-র ‘রিজওয়ান’ জীবন সংগ্রামের গল্প চোখে জল আনবে

Spread the love

১০ হাজারে ৪০০ ঘণ্টা খাটুনি! ‘ধুরন্ধর ২’-র ‘রিজওয়ান’ জীবন সংগ্রামের গল্প চোখে জল আনবে

আজকালকার রুপোলি পর্দার চাকচিক্য দেখে অনেকেই ভাবেন, অভিনেতা- অভিনেত্রী হলে জীবনটা বুঝি এমনই সহজ হয়। কিন্তু এই গ্ল্যামারের আড়ালে যে কত লড়াই লুকিয়ে থাকে, তার জলজ্যান্ত উদাহরণ হলেন মুস্তফা আহমেদ। আদিত্য ধরের সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2) ছবিতে ‘রিজওয়ান’-এর চরিত্রে অভিনয় করে রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন তিনি। রণবীর সিংয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবিতে যে দাপট তিনি দেখিয়েছেন, তাতে দর্শকরা মুগ্ধ। কিন্তু জানেন কি, আজকের এই সাফল্যের আগে একসময় মাসে মাত্র ১০ হাজার টাকার জন্য কীভাবে পরিশ্রম করেছেন তিনি?

আফগানিস্তানের ভূমিপুত্র মুস্তফার ছেলেবেলাটা আর পাঁচটা বাচ্চার মতো ছিল না। ‘ডিসলেক্সিয়া’র কারণে পড়াশোনায় মন বসাতে পারতেন না তিনি। অগত্যা খুব কম বয়সেই স্কুল ছাড়তে হয় তাকে। তবে বইয়ের পাতায় মন না থাকলেও, মাঠে আর ডান্স ফ্লোরে তাঁকে হারানোর সাধ্য খুব কম জনেরই ছিল। ২১ বছর বয়সে এক কল সেন্টারে কাজ শুরু করেন। পড়াশোনা বিশেষ না করে থাকলেও নিজের বুদ্ধিতে সেখানেও দ্রুত সাফল্য পান। কিন্তু মন পড়ে থাকত জিমে।

তবে মুস্তফা বুঝেছিলেন তার গন্তব্য অন্য কোথাও। হুট করেই নিশ্চিত কেরিয়ার ছেড়ে জিম ট্রেনার হওয়ার সিদ্ধান্ত নেন। ছেলের এই সিদ্ধান্তে পাশে দাঁড়ায়নি পরিবার। মা পর্যন্ত কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু মুস্তফা দমে যাননি। দিল্লির জনকপুরীর এক জিমে মাত্র ১০ হাজার টাকা মাইনেতে কাজ শুরু করেন। ভোর ৪টেয় জিম খোলার দায়িত্ব ছিল তার। পরিশ্রমের সীমা ছিল না— মাসে প্রায় ৪০০ ঘণ্টা কাজ করেছেন, দিনে ১৪টা করে সেশন নিতেন। সেই লড়াইয়ের ফল হাতেনাতে পান যখন তিনি এশিয়ার এক নম্বর ট্রেনার হয়ে ওঠেন।

২০১৫ সালে হৃতিক রোশন প্রথম সেলেব্রিটি ক্লায়েন্ট হিসেবে তার কাছে আসেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘পদ্মাবত’-এর রণবীর সিং হোক বা ‘সর্দার উধম’-এর ভিকি কৌশল- বলিউডের বাঘা বাঘা অভিনেতাদের বডি ট্রান্সফরমেশনের নেপথ্যে আসল কারিগর এই মুস্তফা আহমেদ। ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য ইয়ামি গৌতমকেও প্রশিক্ষণ দিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে তারকাদের ফিটনেস নিয়ে কাজ করার পর পরিচালক আদিত্য ধর তাকে অভিনয়ের সুযোগ দেন। ছবিতে তার অভিনীত ‘রিজওয়ান’ চরিত্রটি একজন ভারতীয় গুপ্তচরের, যে পাকিস্তানে রণবীর সিংয়ের চরিত্রের (হামজা) প্রধান সহায় হয়ে ওঠে। মুস্তফা সোশ্যাল মিডিয়ায় আদিত্য ধরকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, যে বিশ্বাস পরিচালক তার ওপর রেখেছেন, তা তিনি কখনও ভুলবেন না। পর্দার পিছনের ট্রেনার থেকে আজ বড় পর্দার তারকা— মুস্তফার এই জার্নি সত্যিই অগণিত মানুষের অনুপ্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *