রেলকে ২ লক্ষ জরিমানা! অন্যের ভুলে বাতিল টিকিটে যাত্রায় মাঝরাতে গ্রেফতার মহিলা - 24 Ghanta Bangla News
Home

রেলকে ২ লক্ষ জরিমানা! অন্যের ভুলে বাতিল টিকিটে যাত্রায় মাঝরাতে গ্রেফতার মহিলা

Spread the love

তিরুঅনন্তপুরম:: কনফার্মড ট্রেনের (Indian Railways) টিকিট হাতে নিয়েই যাত্রা করেছিলেন এক মহিলা। কিন্তু ট্রেনে উঠে নিজের নির্ধারিত আসনে গিয়ে দেখলেন, সেখানে অন্য যাত্রী বসে রয়েছেন।…

তিরুঅনন্তপুরম:: কনফার্মড ট্রেনের (Indian Railways) টিকিট হাতে নিয়েই যাত্রা করেছিলেন এক মহিলা। কিন্তু ট্রেনে উঠে নিজের নির্ধারিত আসনে গিয়ে দেখলেন, সেখানে অন্য যাত্রী বসে রয়েছেন। এরপর জানা গেল, তাঁর টিকিট অনলাইনে বাতিল হয়ে গিয়েছে। অথচ টিকিটটি তিনি নিজে বাতিল করেননি। আরও অবাক করা বিষয়, ভুল মোবাইল নম্বরের কারণে তাঁর টিকিট বাতিল করেছিলেন সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তি।

এই ভুলের জেরে শেষ পর্যন্ত মাঝরাতে ট্রেন থেকে নামিয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা RPF-এর হাতে গ্রেফতার হতে হয় ওই মহিলাকে। ঘটনাটিকে অন্যায় বলে চিহ্নিত করে এবার কেরল স্টেট হিউম্যান রাইটস কমিশন বা SHRC দক্ষিণ রেলকে তাঁকে ₹২ লক্ষ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। SHRC-এর চেয়ারম্যান বিচারপতি আলেকজান্ডার থমাস-এর দেওয়া নির্দেশে রেলের প্রশাসনিক ভুল এবং ঘটনার পর একা মহিলা যাত্রীর সঙ্গে আধিকারিকদের আচরণ, দু’টি বিষয়েই প্রশ্ন তোলা হয়েছে।

২০২৩ সালে শুরু হয়েছিল সমস্যা

ঘটনাটি ৩০ জুলাই ২০২৩-এর। ত্রিশূরের এরুমাপেট্টির বাসিন্দা কে জয়শ্মিথা, বর্তমানে তিরুবনন্তপুরমে থাকেন। ওই রাতে তিনি ১৬৩৪৮ নম্বর ট্রেনে ওয়াদাক্কানচেরি থেকে তিরুবনন্তপুরম যাচ্ছিলেন। তাঁর কাছে ছিল S4 কোচের ৪১ নম্বর বার্থের কনফার্মড রিজার্ভেশন। কিন্তু ট্রেনে উঠে নিজের নির্ধারিত আসনে পৌঁছনোর পর তিনি দেখেন, অন্য একজন যাত্রী সেখানে বসে রয়েছেন। এরপরই শুরু হয় একের পর এক সমস্যা।

TTE জানালেন, টিকিট বাতিল হয়ে গিয়েছে

ডিউটিতে থাকা টিকিট পরীক্ষক বা TTE জয়শ্মিতাকে জানান, তাঁর রিজার্ভেশন অনলাইনে ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে। নতুন করে বার্থ পেতে হলে তাঁকে ₹৫০০ জরিমানা দিতে হবে। কিন্তু সেই সময় তাঁর কাছে ₹৫০০ ছিল না। ফলে চলন্ত ট্রেনেই তিনি কার্যত নিজের বৈধ আসন হারান। পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন ট্রেন আলুভা স্টেশনে পৌঁছয়।

Advertisements


   


   

মাঝরাতে ট্রেন থেকে নামিয়ে RPF-এর হাতে

আলুভা স্টেশনে জয়শ্মিতাকে ট্রেন থেকে নামিয়ে RPF-এর হাতে তুলে দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, বৈধ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। অথচ তাঁর বক্তব্য ছিল, তিনি কনফার্মড টিকিট নিয়েই ট্রেনে উঠেছিলেন এবং টিকিট বাতিল হওয়ার বিষয়টি তিনি জানতেনই না। পরে তিনি জামিনে মুক্তি পান। এরপর রেল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে বুঝতে পারে, তাঁর বিরুদ্ধে মামলাটি ভুলভাবে করা হয়েছিল। পরে সেই মামলাও প্রত্যাহার করা হয়। তবে ততদিনে মাঝরাতে গ্রেফতার হওয়ার মানসিক চাপ এবং অন্যান্য ক্ষতির মুখে পড়ে গিয়েছিলেন জয়শ্মিতা।

আসল ভুলটি কোথায় হয়েছিল?

পরবর্তী বিভাগীয় তদন্তে পুরো ঘটনার পিছনে উঠে আসে রেলের মোবাইল নম্বর সংক্রান্ত প্রযুক্তিগত ভুল। তদন্তে জানা যায়, টিকিট বুক করার সময় দেওয়া মোবাইল নম্বরে একটি সংখ্যা রেলের সিস্টেমে ভুলভাবে পরিবর্তিত হয়ে গিয়েছিল। এর ফলে জয়শ্মিতার ফোনে যাওয়ার কথা থাকা টিকিট সংক্রান্ত SMS চলে যায় অন্য এক ব্যক্তির ফোনে। ওই ব্যক্তি বুঝতে পারেননি যে টিকিটটি তাঁর নয়। ফলে তাঁর ফোনে পাওয়া বুকিং সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তিনি টিকিটটি বাতিল করে দেন। জয়শ্মিতার দাবি ছিল, মোবাইল নম্বরের এই ভুল তাঁর নয়, বরং টিকিট বুকিংয়ের সময় দায়িত্বপ্রাপ্ত বুকিং ক্লার্কের ভুলের কারণে হয়েছিল।

মাঝরাতে মহিলা যাত্রীকে নামানোই বেআইনি: SHRC

SHRC-এর চেয়ারম্যান বিচারপতি আলেকজান্ডার থমাসের নির্দেশে বলা হয়েছে, মাঝরাতে একা যাত্রা করা এক মহিলাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া অন্যায় এবং রেলওয়েজ অ্যাক্টের ধারা ১৩৯-এর সঙ্গে তা সঙ্গতিপূর্ণ নয়। কমিশন দক্ষিণ রেলকে এক মাসের মধ্যে ₹২ লক্ষ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। রেল ছয় সপ্তাহের মধ্যে এই অর্থ না দিলে ক্ষতিপূরণের উপর বার্ষিক ৮% হারে সুদ দিতে হবে।

দায়ী আধিকারিকদের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ

শুধু ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েই থামেনি SHRC। ঘটনার জন্য দায়ী রেল আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার পথও খুলে দিয়েছে কমিশন। পাশাপাশি, আইন অনুযায়ী প্রয়োজন হলে দক্ষিণ রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায় করতে পারবেন বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আপাতত ক্ষতিপূরণ দেবে রেলওয়ে প্রতিষ্ঠান হিসেবেই। কিন্তু তদন্তে কোনও আধিকারিকের গাফিলতি প্রমাণিত হলে শেষ পর্যন্ত সেই অর্থ তাঁদের কাছ থেকেও আদায় করা হতে পারে।

গ্রেফতারের জেরে চাকরিও হারানোর অভিযোগ

জয়শ্মিতা কমিশনের সামনে আরও একটি অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলার কারণে তিনি একটি সরকারি চুক্তিভিত্তিক চাকরি হারিয়েছেন। মামলাটি পরে প্রত্যাহার হয়ে গেলেও চাকরি হারানোর ক্ষতি থেকে যায় বলে তাঁর দাবি।

এই বিষয়টি নিয়ে জয়শ্মিতাকে সরকারের কাছে আলাদাভাবে আবেদন করার নির্দেশ দিয়েছে SHRC। পাশাপাশি রাজ্যের মাইনরিটি ওয়েলফেয়ার ডিরেক্টরকে বিষয়টি পরীক্ষা করে এক মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি মোবাইল নম্বরের একটি সংখ্যার ভুল থেকে শুরু হয়েছিল ঘটনা। কিন্তু তার জেরে কনফার্মড টিকিট থাকা সত্ত্বেও একা মহিলা যাত্রীকে মাঝরাতে ট্রেন থেকে নামিয়ে গ্রেফতার পর্যন্ত করা হয়। শেষ পর্যন্ত সেই প্রশাসনিক ভুলের দায়েই রেলকে দিতে হচ্ছে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ।

আরও পড়ুন: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে Realme P4S 5G, দাম ৩৪,৯৯৯

আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ায় ফের ইতিহাস! দেশের সফল মহাকাশ অভিযানে ব্যবহার হচ্ছে দেশীয় সেমিকন্ডাক্টর চিপ

আরও পড়ুন: DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *