CM Suvendu Adhikari on Balurghat Airport: 'আগের সরকার ইচ্ছা করে করেনি'! বালুরঘাটে ১ বছরের মধ্যে বিমান চালানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর | Balurghat Airport: CM Suvendu Adhikari Announces Flight Operations Within One Year - 24 Ghanta Bangla News
Home

CM Suvendu Adhikari on Balurghat Airport: ‘আগের সরকার ইচ্ছা করে করেনি’! বালুরঘাটে ১ বছরের মধ্যে বিমান চালানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর | Balurghat Airport: CM Suvendu Adhikari Announces Flight Operations Within One Year

Spread the love

বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে মুখ্যমন্ত্রী-কেন্দ্রীয় মন্ত্রী।Image Credit: TV9 বাংলা

বালুরঘাট: বালুরঘাটবাসীর জন্য দারুণ খবর। এবার দক্ষিণ দিনাজপুর জেলা থেকেই মিলবে ফ্লাইট। আগামী এক বছরের মধ্যেই বালুরঘাট বিমানবন্দর থেকে চালু করার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জমি অধিগ্রহণের জন্য আজই নির্দেশ দিয়ে যান তিনি।

আজ, বুধবার সন্ধ্যায় বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি, পুলিশ সুপার অভিষেক গুপ্তা সহ এভিয়েশন দফতরের আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে বিমানবন্দরে যা পরিকাঠামো রয়েছে, সেই জায়গা থেকে ১৯ সিটের বিমান চালানো সম্ভব। তবে আরও ১৫০ একর জমি অধিগ্রহণ করতে পারলে বালুরঘাট বিমানবন্দর থেকে ৭২ সিটের বিমান চলাচল করতে পারবে। আগামী এক বছরের মধ্যেই বালুরঘাট বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা চালু হবে। এর জন্য জমি অধিগ্রহণের জন্য জেলাশাসককে নির্দেশও দিয়ে যান তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এক বছরের মধ্যে ১৯ সিটার বিমান চালাবো। সিভিল এভিয়েশনের যিনি এসেছিলেন, তাকে লাইসেন্সের জন্যও বলা হল। দুই বছরের মধ্যে অতিরিক্ত ১৫০ একর জমি সংগ্রহ করব। রাজ্য সরকার জমি কিনবে। জমি অধিগ্রহণ হলে ৭২ সিটের বিমান চালানো হবে। আপাতত অবিলম্বে ১৯ সিটের বিমান চালাতে বলা হয়েছে। কোম্পানিগুলির সঙ্গে বৈঠক করা হবে, পরিবহন মন্ত্রীও থাকবেন। সর্বাধিক এক বছর লাগবে। তার আগেই চালু করার চেষ্টা করা হবে।”

“বিগত সরকার ইচ্ছা করেই এই বিমানবন্দর চালু হতে দেয়নি। তবে এখন এই বিমানবন্দর চালু হবে”। এমনটাই বলেন তিনি। বিমানবন্দর চালুর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রত্যেক লাইন ডিপার্টমেন্টকে দেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি মহালয়ায় এই প্রথম বাংলায় প্রধানমন্ত্রীর আসা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মহালয়ায় বড় অনুষ্ঠান হবে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আমন্ত্রিত হবেন। তাদের থেকে কনফার্মেশন পেলে ঘোষণা করা হবে”। বালুরঘাট বিশ্ববিদ্যালয় গড়ার জন্য সাংসদদের তহবিল থেকে আর্থিক সাহায্যের অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। জানান, রাজ্য সরকারের তহবিল থেকেও টাকা দেওয়া হবে। মোট ২০০ কোটি টাকা খরচ হবে বলে জানান। এর পাশাপাশি আবাস যোজনা, বাড়ি বাড়ি জলের ব্যবস্থা, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন বালুরঘাটবাসী, তাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বালির অবৈধ ঘাটগুলিকে রেগুলারাইজ করে দেওয়ার নির্দেশ দেন তিনি, যাতে হাজার টাকার মধ্যে বালি পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *