কেরিয়ারের শুরু থেকে এখনও ‘তোতলা’ তকমা শুনতে হয় - 24 Ghanta Bangla News
Home

কেরিয়ারের শুরু থেকে এখনও ‘তোতলা’ তকমা শুনতে হয়

Spread the love

আরাত্রিকা দে

অন্য সময় প্রাইম: এখন কি দিনে ২৪ ঘণ্টাও কম পড়ছে?

দেব: আমি তো এ রকম জীবনই চাই, যখন এক ফোঁটাও সময় পাব না।

অন্য সময় প্রাইম: প্রথম যখন সঞ্চালক হওয়ার অফারটা গিয়েছিল, তখন কী মনে হয়েছিল?

দেব: আমি প্রথমে মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম, অভিজিৎদা (সেন) আমার সঙ্গে মজা করছেন। কারণ তখন অন্য আরেকটা শো নিয়েও কথা চলছিল। এত বছর ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন আইকন সাকসেসফুলি ‘দাদাগিরি’ রান করেছেন। সেখানে আমি কতটা জাস্টিফাই করতে পারব, বুঝতে পারছিলাম না। তা ছাড়াও আরেকটা বিষয় কাজ করেছিল। এই শো দেখেন যে বাঙালিরা, তাঁরা উচ্চারণের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। তাঁরা আদৌ আমাকে মেনে নেবেন কি না, সেটা নিয়েও চিন্তা ছিল। কারণ, কেরিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত আমাকে ‘তোতলা’ তকমা শুনতে হয়। একটা সময়ে খারাপ লাগত। এখন সেটাকে স্পোর্টিংলি নিই, নিজেই মজা করি। কারণ নিজে যদি নিজেকে নিয়ে মজা করতে পারি, তা হলে অন্য কেউ মজা করলে আর ভয় থাকে না। তাই খামতিটাকেই অস্ত্র বানিয়ে ফেলেছি।

অন্য সময় প্রাইম: সঞ্চালনা, প্রযোজনা, অভিনয়, এখন পরিচালনা এবং রাজনীতিবিদ—কোন ভূমিকাটা সবচেয়ে বেশি এনজয় করেন? আর কোনটা আপনাকে সবচেয়ে বেশি চাপে ফেলে?

দেব: কোনও একটাকে এগিয়ে রাখতে পারব না। তবে চাপে ফেলে সঞ্চালনা। এখনও ‘দাদাগিরি’-র সেটে গেলে আমার শুরুর দিনের মতোই ভয় করে। তবে একটা কথা বলতে চাই, আমি হোস্ট করার পর থেকে বাচ্চাদের এপিসোডটা ভীষণ ভাইরাল হয়েছে। অনেকেই ব্যক্তিগত ভাবেও ফিডব্যাক দিয়েছেন যে বাচ্চাদের সঙ্গে আমাকে দেখতে বেশ ভালো লাগছে।

অন্য সময় প্রাইম: সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে?

দেব: অফারটা নেওয়ার পর আমি প্রথম ফোনটা দাদাকেই করেছিলাম। ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো। দাদা আমাকে ভালোবাসেন বলেই আমার মনে হয়। আমার তৈরি ছবির প্রমোশনও দাদা করেছিলেন। যখন উনি শুনলেন আমি ‘দাদাগিরি’ করছি, আমাকে কনগ্র্যাচুলেট করেছিলেন। আর সবার আগে সাবধান করেছিলেন যে বাচ্চাদের সামলানো বেশ কঠিন। কিন্তু সত্যি বলতে, ওটাতেই আমি সবচেয়ে বেশি মজা পাচ্ছি।

অন্য সময় প্রাইম: পুজোয় সিনেমা রিলিজ় এবং শো সঞ্চালনা—দুটো একসঙ্গে সামলাবেন কী ভাবে?

দেব: সকলেই আমাকে ভীষণ ভালোবাসেন এবং বোঝেন। অভিজিৎদাও নিজে জানেন যে ছবি মুক্তির সময়ে আমি কতটা দায়িত্বে থাকি। তাই ওটা ম্যানেজ হয়ে যাবে। সে কথা আগেই বলা আছে।

দেব
দেব

অন্য সময় প্রাইম: পরের ছবিতেও কী অন্য রকম দেবকে পাওয়া যাবে?

দেব: আমি আসলে বরাবরই রিস্ক নিতে চাই। রিস্ক না নিলে নতুন কিছু করার চান্সই থাকে না। আর আমাদের ইন্ডাস্ট্রির যা অবস্থা, তাতে আমি প্রযোজক বলে নিজেকে নতুন কিছু করার সুযোগ দিতে পারছি। না হলে সবাই সত্যিটা জানে, কেউই কারও উত্থান ভালো করে দেখতে পারে না। সেই জন্যই ভালো আইডিয়েশনও বেরোচ্ছে না। আমি শেষ অবধি চেষ্টা করব, এই পর্যন্তই বলতে পারি।

অন্য সময় প্রাইম: সম্প্রতি জিতের একটি ছবি মুক্তি পেয়েছে। সেই ছবি নিয়ে আপনার ফ্যান ক্লাবের অনেক পেজ থেকে বিভিন্ন রকম ট্রোল করা হয়েছে। তাঁদের উদ্দেশে কী বলবেন?

দেব: আমি আগেও বলেছি, এখনও বলব— দয়া করে সবাই একটু সংযম বজায় রাখুন। কোনও একজনকে ভালোবাসা মানে অন্য কাউকে অপমান করা নয়। আমরা সবাই এখানে কাজ করতে এসেছি। আমাদের কাজটা এনজয় করুন। ব্যক্তিগত আক্রমণ করা বন্ধ না করলে আমার আর কিছুই বলার নেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *