Malda: মালদহে ফ্ল্যাটে থরে থরে সাজানো টাকার বান্ডিল, গুনতে আনা হল মেশিন | Nearly 2.5 Crore Cash, Gold Seized in Malda Flat; Drug Racket Probe Intensifies - 24 Ghanta Bangla News
Home

Malda: মালদহে ফ্ল্যাটে থরে থরে সাজানো টাকার বান্ডিল, গুনতে আনা হল মেশিন | Nearly 2.5 Crore Cash, Gold Seized in Malda Flat; Drug Racket Probe Intensifies

Spread the love

মালদহে উদ্ধার হওয়া টাকাImage Credit: TV9 Bangla

মালদহ: বীরভূমে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের কোটি কোটি টাকা ও সোনা উদ্ধার নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়েছে। এরই মধ্যে এবার মালদহে একটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হল। শুধু টাকা নয়, উদ্ধার হয়েছে নিষিদ্ধ কাফ সিরাপও। রবিবার রাতে মালদহ থানা, দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন টিম যৌথভাবে মালদহের মঙ্গলবাড়ির ওই ফ্ল্যাটে এই তল্লাশি অভিযান চালায়। ফ্ল্যাটটি এক তৃণমূল কর্মীর। যদিও তাঁর বক্তব্য, ফ্ল্যাটটি তিনি একজনকে ভাড়া দিয়েছিলেন।

রবিবার রাতে আচমকা ওই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। ফ্ল্যাটে ঢুকেই থ হয়ে যায় তারা। আলমারিতে থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল। টাকা গুনতে আনা হয় মেশিন। রবিবার রাত পর্যন্ত প্রায় আড়াই কোটি টাকা গোনা হয়েছে। উদ্ধার হয়েছে সোনাও। তবে সোনার পরিমাণ এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরে ১৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ-সহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ মঙ্গলবাড়ির এই ফ্ল্যাটের হদিস পায়। ফ্ল্যাটটি দিলীপ সাহা নামে এক ব্যক্তির। এলাকায় তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তবে ফ্ল্যাটে পিন্টু সরকার নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন। ফ্ল্যাট থেকে টাকা ও নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারের পর দিলীপ সাহা দাবি করেন, তিনি ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন। ভাড়া নিয়ে ওই ব্যক্তি কী করতেন, তা তিনি জানতেন না।

পুলিশের দাবি , এই টাকা মাদক পাচার বিশেষ করে নিষিদ্ধ কাফ সিরাপের কালো কারবারে ব্যবহার করা হত। এতে আন্তঃরাজ্য কোনও চক্র জড়িত কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। দক্ষিণ দিনাজপুরে যেহেতু নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে, সেজন্য মালদহ থানাকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন টিম যৌথভাবে এই তল্লাশি অভিযান চালায়। এই চক্রের সঙ্গে রাজনৈতিক কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দাবি জানিয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *