Bank Fine: আপনার এই একটা ভুলের জন্য ৭১০০ কোটি টাকা আয় করল ব্যাঙ্ক! | Indian Govt & Private Banks Earned 7100 crore rs from Collecting Fine for not Maintaining Minimum Balance
নয়া দিল্লি: এখন প্রায় সকলেরই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। তবে শুধু একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখলেই তো হল না, সেই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সও বজায় রাখতে হয়। ন্যূনতম ব্যালেন্স না রাখলে, ব্যাঙ্ক জরিমানা করে। অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় টাকা। জানেন, এই ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য জরিমানা বাবদ ব্যাঙ্কগুলি কত টাকা আয় করেছে?
সংসদে লিখিত উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম গড় ব্যালেন্স (Minimum Average Balance) বজায় রাখতে না পারায়, ২০২৫-২৬ অর্থবর্ষে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৭,১০০ কোটি টাকা জরিমানা আদায় করেছে দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি। আগের অর্থবর্ষে এই অঙ্ক ছিল প্রায় ৬,৮০০ কোটি টাকা।
সরকারি তথ্য অনুযায়ী, মোট জরিমানার প্রায় ৭০ শতাংশ অর্থাৎ ৪,৯৪৮ কোটি টাকা আদায় করেছে বেসরকারি ব্যাঙ্কগুলি। ২০২৫-২৬ অর্থবর্ষে বেসরকারি ব্যাঙ্কগুলির মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স সংক্রান্ত জরিমানা আদায় প্রায় ১৭ শতাংশ বেড়েছে।
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank), অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) এবং ব্যাঙ্ক অব বরোদা (Bank of Baroda) গ্রাহকদের কাছ থেকে ন্যূনতম ব্যালেন্স না রাখার কারণে সবচেয়ে বেশি জরিমানা আদায় করেছে।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী-
- এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) জরিমানা বাবদ আদায় করেছে প্রায় ৫,৬৭০ কোটি টাকা।
- অ্য়াক্সিস ব্যাঙ্ক (Axis Bank) জরিমানা বাবদ আদায় করেছে ৩,৭৮৭ কোটি টাকা।
- সেখানে ব্যাঙ্ক অব বরোদা (Bank of Baroda) জরিমানা বাবদ আদায় করেছে প্রায় ২,০২৮ কোটি টাকা।
- এর পরেই রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank), যারা ১,৮৯৬ কোটি টাকা জরিমানা আদায় করেছে।
- ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) জরিমানা বাবদ আদায় করেছে ১,৭৭৭ কোটি টাকা।
জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কোনও জরিমানা নেই-
অর্থ মন্ত্রক জানিয়েছে, বেসিক সেভিং ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট (Basic Savings Bank Deposit Account) এবং প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে খোলা সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার কোনও বাধ্যবাধকতা নেই।এই ধরনের জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট মূলত ব্যাঙ্কিং পরিষেবার বাইরে থাকা, আর্থিকভাবে দুর্বল এবং ক্ষুদ্র আমানতকারীদের জন্য চালু করা হয়েছে, যাতে তাঁরা সহজে ব্যাঙ্কিং পরিষেবা পেতে পারেন। এই অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য কোনও জরিমানা নেওয়া হয় না। পাশাপাশি টাকা জমা, টাকা তোলা এবং এটিএম ব্যবহারের মতো বেসিক ব্যাঙ্কিং পরিষেবাও পাওয়া যায়।