Faf Du Plessis: প্রথম ম্যাচেই প্রতিপক্ষ, ধোনির প্রাক্তন ‘ছাত্র’ বিরাটের বন্ধু কী বলছেন? – Bengali News | MS Dhoni ‘greatest ever captain’, helped my growth as a leader: Faf du Plessis
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল শুরুর আগে আরসিবি শিবিরে নানা খুশির খবর। প্রথমটি অবশ্য উইমেন্স প্রিমিয়ার লিগে ট্রফি জয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কখনও ট্রফির স্বাদ পায়নি আরসিবি। স্মৃতি মান্ধানাদের সৌজন্যে সেই আক্ষেপ কিছুটা মিটেছে। এ বার আইপিএলে ‘সেরা’ হওয়ার প্রত্যাশা। প্রথম ম্যাচেই সিএসকে। প্রতিপক্ষ দলে ধোনির মতো মাস্টারমাইন্ড। তাঁকে দীর্ঘসময় কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। মাহিকে নিয়ে কী বলছেন তাঁর প্রাক্তন ছাত্র? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রোটিয়া তারকা ফাফ ডুপ্লেসি দীর্ঘ সময় খেলেছেন চেন্নাই সুপার কিংসে। ধোনির ক্যাপ্টেন্সিতে খেলার সৌজন্যে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। ২০২২ সালের আইপিএলের আগে মেগা অকশনের তাঁকে রিলিজ করে চেন্নাই সুপার কিংস। সুযোগ হাতছাড়া করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ায় ডুপ্লেসি সেরা বিকল্প ছিলেন। সেই কাজটাই করে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট। ডুপ্লেসির নেতৃত্বে টিম ভালো খেলছে। ট্রফির আক্ষেপ যদিও মেটেনি।
নতুন মরসুমে প্রথম ম্যাচ। স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে আরসিবি ক্যাপ্টেন ডুপ্লেসি বলছেন, ‘মহেন্দ্র সিং ধোনি সর্বকালের সেরা অধিনায়ক। আমি খুবই ভাগ্যবান যে ধোনির সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছি। আমার কেরিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি সেটাই। লিডারশিপের দিক থেকে ওর কাছ থেকেই শেখা। এমএস ধোনি এবং স্টিফেন ফ্লেমিংকে দেখে অনেক কিছু শেখার আছে।’ বর্তমান সতীর্থ বিরাট কোহলিকেও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ডুপ্লেসি। বিরাটের থেকেও অনেক কিছু শেখার সুযোগ হয়েছে, বলছেন ডুপ্লেসি।