Sheikh Hasina: ভারতে থেকে হাসিনা আর এই কাজ করতে পারবেন না, বড় সিদ্ধান্ত জানিয়ে দিল মোদী সরকার | Indian Government Says Bangladesh Former PM Sheikh Hasina Can't Organize Political Campaign from Indian Soil - 24 Ghanta Bangla News
Home

Sheikh Hasina: ভারতে থেকে হাসিনা আর এই কাজ করতে পারবেন না, বড় সিদ্ধান্ত জানিয়ে দিল মোদী সরকার | Indian Government Says Bangladesh Former PM Sheikh Hasina Can’t Organize Political Campaign from Indian Soil

Spread the love

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।Image Credit: Getty Image

নয়া দিল্লি: এখনও ভারতের আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তবে হাসিনাকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত জানাল ভারত সরকার (Indian Government)। সাফ জানানো হল, ভারতের মাটি থেকে রাজনৈতিক কর্মকাণ্ড করার অনুমতি শেখ হাসিনার নেই।

বিদেশ বিষয়ক সংসদীয় কমিটিকে এই কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে সরকারের তরফে কমিটিকে জানানো হয়েছে, বাংলাদেশের তরফে হাসিনাকে প্রত্যর্পণের আবেদনের বিষয়ে আন্তর্জাতিক আইন এবং নিয়ম খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে ভারত।

বাংলাদেশে ছাত্র-গণ অভ্যুত্থানের মুখে, ২০২৪ সালের ৫ অগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে এসে আশ্রয় নেয়। এরপর দুই বছর কেটে গেলেও, এখনও ভারতেই রয়েছেন শেখ হাসিনা। তিনি নয়া দিল্লিতে বসেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লিগের কর্মী-সদস্যদের উদ্দেশে বার্তা দিয়েছেন। তবে এবার হাসিনার এই কর্মকাণ্ড কার্যত নিষিদ্ধ করে দেওয়া হল। ভারত সরকারের তরফে জানানো হল, ভারতের মাটি থেকে রাজনৈতিক কর্মকাণ্ড করার অনুমতি শেখ হাসিনার নেই।

কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, “মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আশ্রয় দেওয়া হলেও, আমাদের দেশের ভূখণ্ড থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপে মান্যতা না দেওয়ার নীতিতে ভারত দায়বদ্ধ।”

একই সঙ্গে কমিটির তরফে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে যে গঙ্গা-তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ ও বিহারের স্বার্থ বিবেচনা করতে হবে। এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতিই সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে আগামী ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান। বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবেন তিনি। ইতিমধ্যেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল গণহত্যার দায়ে ফাঁসির সাজা ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *