Delhi Protest-Pellet Gun Update: কোন যুক্তিতে দিল্লির আন্দোলনকারীদের উপরে ছররা গুলি ব্য়বহার করা হয়েছিল? CRPF-র তদন্তে উঠে এল চমকে দেওয়ার মতো তথ্য | Crpf report on using pellet gun during 20 july cjp student protest says pellets fired following sop
আহত ছাত্রের পাশে রাহুল গান্ধী।Image Credit: PTI
নয়া দিল্লি: দিল্লির আন্দোলনে ছাত্রদের লক্ষ্য করে ছোড়া হয়েছিল পেলেট বা ছররা গুলি। আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহতও হন ছররা গুলিতে। এই তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এবার ওই ছররা গুলি নিয়ে আরও কিছু তথ্য সামনে এল।
যাবতীয় নিয়ম বা SOP অনুসরণ করেই ফায়ার করা হয়েছিল পেলেট গানের ছররা, অন্তর্তদন্তের পর দাবি সিআরপিএফ-এর। তাদের বক্তব্য, ২০ জুলাই দিল্লির কনট প্লেসে বিক্ষোভের সময় প্রতিবাদকারীদের উদ্দেশ্যে প্রথমে লাউড স্পিকারে আবেদন করা হয়। সেই আবেদন না শোনায়, টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস ছোড়া হয়।
এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার জেনারেল ডায়েরি রেকর্ড অনুযায়ী, এই তিন পদক্ষেপ ব্যর্থ হওয়ার পর দিল্লি পুলিশের এক ডিসিপি-র নির্দেশে ছররা গুলি ফায়ার করেন র্যাফ (RAF)-এর ডেপুটি কমান্ডার র্যাঙ্কের এক জওয়ান।
সূত্রের খবর, এই যাবতীয় তথ্য সুপ্রিম কোর্টে রিপোর্ট আকারে পেশ করবে সিআরপিএফ।
সিআরপিএফ এবং দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, কনট প্লেসে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ৫৫টি নন ইলেকট্রিক সেল, ১৫ টি ইলেকট্রিক সেল, পাঁচটি টিয়ার গ্যাস গ্রেনেড এবং অ্যান্টি রায়ট গান থেকে দুই রাউন্ড প্লাস্টিক পেলেট বা ছররা ফায়ার করার নির্দেশ দেওয়া হয়।
যদিও ধাতব পেলেটে গুরুতর আহত বিক্ষোভকারীরা এখনও চিকিৎসাধীন। তিন থেকে পাঁচ জন বিক্ষোভকারী আহত হওয়ার খবর যেমন এসেছে, তেমনি ৪৭ জন র্যাফ (RAF) জওয়ান আহত হয়েছে বলে দাবি সিআরপিএফের। এদের মধ্যে ৬ জনের মাথায় গুরুতর আঘাত রয়েছে।