প্রথম বিয়ে নাকি প্র্যাকটিস ম্যাচ? জেন জ়ি-দের দৌলতে ফিরছে ন’য়ের দশকের ‘স্টার্টার ম্যারেজ’ - 24 Ghanta Bangla News
Home

প্রথম বিয়ে নাকি প্র্যাকটিস ম্যাচ? জেন জ়ি-দের দৌলতে ফিরছে ন’য়ের দশকের ‘স্টার্টার ম্যারেজ’

Spread the love

সময় বদলাচ্ছে দ্রুত। আর তার সঙ্গে বদলাচ্ছে সম্পর্কের সংজ্ঞাও। বিশেষ করে জেন জ়ি-র হাত ধরে ডেটিং দুনিয়ায় প্রায় রোজই যোগ হচ্ছে নতুন নতুন ট্রেন্ড। ভালোবাসার ব্যাকরণও যেন নতুন করে লেখা হচ্ছে। আর সেই সূত্রেই একের পর এক নতুন শব্দের সঙ্গে পরিচিত হচ্ছে মিলেনিয়াল থেকে জেনারেশন এক্স। বর্তমান প্রজন্ম কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন— কোনও কিছুতেই শুধু অভ্যাসের খাতিরে আটকে থাকতে চায় না। ঠিক যেমন প্রথম চাকরিটাকে আমরা বলি ‘স্টার্টার জব’। একটু অভিজ্ঞতা হলো, ব্যস, এক-দেড় বছরেই নতুন ভালো চাকরির খোঁজে সুইচ। কিংবা সাধের ফ্ল্যাট কেনার আগে ছোট্ট একটা ‘স্টার্টার হোম’-এ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করা। কিন্তু ভাবুন তো, এই ‘স্টার্টার’ শব্দটা যদি এ বার বিয়ের সঙ্গেও জুড়ে যায়? শুনতে অদ্ভুত লাগছে? চমকে উঠছেন? কিন্তু এটাই এখনকার নতুন ট্রেন্ড— ‘স্টার্টার ম্যারেজ’।

কী এই ‘স্টার্টার ম্যারেজ’?

সহজ ভাষায় বলতে গেলে, স্টার্টার ম্যারেজ হলো এমন বিয়ে, যা দীর্ঘস্থায়ী হয় না। খুব বেশি হলে বছর পাঁচেক। তার মধ্যেই সেই সম্পর্ক শেষ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান হওয়ার আগে দুই জনের পথ আলাদা হয়ে যায়। তবে এই ধারণার মূল কথা বিচ্ছেদকে সেলিব্রেট করা নয়। বরং প্রথম সম্পর্ক থেকে অভিজ্ঞতা নিয়ে নতুন জীবন শুরু করা।

‘স্টার্টার ম্যারেজ’ শব্দটি কোথা থেকে এল?

‘স্টার্টার ম্যারেজ’ বিষয়টা যে খুব নতুন, তা কিন্তু নয়। ১৯৯১ সালে কানাডিয়ান লেখক ডগলাস কুপল্যান্ড তাঁর Generation X: Tales for an Accelerated Culture উপন্যাসে প্রথম এই শব্দবন্ধ ব্যবহার করেন। পরে ১৯৯৪ সালে The New York Times-এর একটি প্রতিবেদনে বিষয়টি আলোচনায় আসে। ২০০২ সালে সাংবাদিক পামেলা পল তাঁর The Starter Marriage and the Future of Matrimony বইয়ে এই ধারণাকে আরও বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন। তিনি দেখান, সেই সময়ে আমেরিকায় এমন অনেক যুগল ছিল, যাঁদের প্রথম বিয়ে কয়েক বছরের মধ্যেই ভেঙে গিয়েছে। কিন্তু সেই সম্পর্ককে তাঁরা ব্যর্থতা নয়, বরং এক্সপেরিয়েন্স হিসেবেই দেখেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *