রেলশহরের ত্রাতা, বিষের ছোঁবল উপেক্ষা করে সাপ ধরছেন পিন্টু-অশোকরা
উদ্ধারকারীদের মূল উদ্যোক্তা পিন্টু দাস ষষ্ঠ শ্রেণি থেকে এবং অশোক নবম শ্রেণি থেকে সাপ ধরছেন। চেন্নাই থেকে বিশেষ প্রশিক্ষণ নেওয়া এই দলের পিন্টু জানান, জীবনে যখন শুরু করেছিলেন, তখন তা ছিল নেশা। এখন মানুষকে বাঁচানোর কথা ভেবে নিজেরা বিপদ হাতে নিয়ে এই কাজ করছেন। তাঁর আক্ষেপ, গত তিন-চার বছরের তুলনায় সাপের সংখ্যা অনেক বেড়েছে। ইদানীং শাঁখামুঠি, গোখরো, খরিস, চিতি, ঢ্যামনা, কেউটে, বেতআছড়া এবং মারাত্মক বিষধর কালাচ সাপও পর পর ধরা পড়ছে। সাপের উপদ্রব কমাতে চিত্তরঞ্জনেই একটি অস্থায়ী সাপের পুনর্বাসন কেন্দ্র তৈরির দাবি তুলেছেন পিন্টু।