সেরা ডিফেন্ডার হওয়ার দৌড়ে কুবার্সি, ব্যক্তিগত পুরস্কারের দিকে রদ্রি, সিমোনও
স্পেনের মিডফিল্ডার রদ্রিকে অনেকে সম্ভাব্য গোল্ডেন বলের দাবিদার বলছেন আগে থেকেই। ফাইনালে ওঠার পরে সেই দাবি আরও প্রকট। গোটা স্পেন টিমকে যেন এক সুতোয় গেঁথে রেখেছেন রদ্রি। ফাবিয়ান রুইস, দানি ওলমো, মার্ক কুকুরেইয়া, লামিনে ইয়ামালদের সঙ্গে ক্রমাগত পাস খেলে টিমটার গতি কখনও এগিয়ে নিয়ে যান, কখনও প্রয়োজন মতো পিছনে আনেন। এই বিশ্বকাপে ৭০৫টি পাসের চেষ্টা করে ৬৫৫টি পাস সঠিক করেছেন। ৯২ শতাংশেরও বেশি নিখুঁত। ফাইনাল থার্ডে পাসের ব্যাপারেও এই বিশ্বকাপে সবার আগে রদ্রি— ১৭৩টি নিখুঁত পাস। ফ্রান্সের বিরুদ্ধে যে পারফরম্যান্স তিনি করেছেন, তার পরে বিশ্বকাপের সেরা মিডফিল্ডার হওয়ার ক্ষেত্রে এগিয়ে গিয়েছেন অনেকটা। সোনার বল পাবেন কি না, তার জন্য অপেক্ষা করতেই হবে আরও একটি ম্যাচ। গত অক্টোবরে চোট সারিয়ে ফেরার সময়ে রদ্রির ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা বলেছিলেন, ‘রদ্রিকে দেখে এখন বুঝতে পারবেন না। বিশ্বকাপে দেখবেন, ও দারুণ খেলবে।’ অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছেন পেপ।