পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব - 24 Ghanta Bangla News
Home

পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Spread the love

বাবান আদক, কলকাতা: মাঠের সবুজ গালিচায় সাফল্য তো রয়েছেই, এবার মাঠের বাইরেও এক ঐতিহাসিক মাইলফলক ছুঁতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) অ্যাথলেটিক ক্লাব। সবকিছু ঠিকঠাক চললে,…

বাবান আদক, কলকাতা: মাঠের সবুজ গালিচায় সাফল্য তো রয়েছেই, এবার মাঠের বাইরেও এক ঐতিহাসিক মাইলফলক ছুঁতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) অ্যাথলেটিক ক্লাব। সবকিছু ঠিকঠাক চললে, শতাব্দীপ্রাচীন এই ক্লাবের তাঁবুর নিকটবর্তী একটি নির্মীয়মাণ মেট্রো স্টেশনের নামকরণ হতে পারে মোহনবাগানের নামেই। ক্লাব কর্তৃপক্ষের এই উদ্যোগে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে মিলেছে ইতিবাচক সাড়া। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে ভারতের ক্রীড়া ইতিহাসে এটি এক অভূতপূর্ব নজির হয়ে থাকবে।

ক্লাবের তরফেই প্রথম এই অভিনব উদ্যোগটি নেওয়া হয়। মোহনবাগানের সাধারণ সম্পাদক সৃঞ্জয় বসু জানিয়েছেন, রাজ্য সরকার প্রয়োজনীয় অনুমোদনের পর এই প্রস্তাবটি কেন্দ্রের কাছে পাঠাতে সম্মত হয়েছে। সৃঞ্জয় বলেন, “মেট্রো রেলের সম্প্রসারণ হচ্ছে এবং একটি নতুন স্টেশন আমাদের ক্লাব তাঁবুর একদম কাছেই তৈরি হবে। সেই কারণেই আমরা পরিবহণ মন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছি যাতে ওই স্টেশনটি ক্লাবের নামে করা হয়। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরেই তা চূড়ান্ত ছাড়পত্রের জন্য দিল্লিতে পাঠানো হবে।” রাজ্য সরকার তাদের নাম সুপারিশ করায় ক্লাব যে অত্যন্ত আনন্দিত ও আশাবাদী, সে কথাও স্পষ্ট করেছেন তিনি।

Also Read | হুগলির তল দিয়ে চালকবিহীন মেট্রো, স্বাধীনতা দিবসের আগেই বড় চমক কলকাতায়

কলকাতার ক্রীড়া ইতিহাসে ফুটবল ক্লাব বা ক্রীড়াব্যক্তিত্বদের সম্মান জানানোর রেওয়াজ নতুন নয়। কিংবদন্তি মোহনবাগান অধিনায়ক গোষ্ঠ পালের নামে ময়দানে সরণি রয়েছে। ক্রিকেটের দুই দিকপাল শচীন তেন্ডুলকর এবং পঙ্কজ রায়ের নামেও রয়েছে রাস্তা। এমনকি কলকাতার বাইরে শিলিগুড়িতে ময়দানের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিংয়ের নামে রাস্তার নামকরণ করে নজির গড়া হয়েছিল। সল্টলেক স্টেডিয়ামের নামেও শহরে একটি মেট্রো স্টেশন রয়েছে। কিন্তু শতাব্দীপ্রাচীন কোনও ফুটবল ক্লাবের নামে সরাসরি মেট্রো স্টেশনের নামকরণ ভারতে এই প্রথম হতে চলেছে। বর্তমানে কলকাতায় মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মহামেডান স্পোর্টিংয়ের নামে কোনও রেল বা মেট্রো স্টেশন নেই।

Also Read | ১৮ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা, রবীন্দ্র সদনে বিশেষ অনুষ্ঠান

সব মিলিয়ে, মোহনবাগানের নামে মেট্রো স্টেশনের এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা শুধুমাত্র ক্লাব সমর্থকদের জন্যই নয়, সমগ্র ভারতীয় ফুটবলের জন্যই এক চরম গর্বের মুহূর্ত হবে। শহরের পরিবহণ মানচিত্রে ময়দানের আভিজাত্য এক নতুন মাত্রা পাবে। এখন ক্লাব ও আপামর ফুটবলপ্রেমীর অপেক্ষা শুধু কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সবুজ সংকেতের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *