Akanksha Chamola: 'পুরুষ বা নারী, বিছানায় কারও শরীরই চাই না!' বিস্ফোরক আকাঙ্ক্ষা | Akanksha chamola lock upp 2 reveals identity divorce gaurav khanna - 24 Ghanta Bangla News
Home

Akanksha Chamola: ‘পুরুষ বা নারী, বিছানায় কারও শরীরই চাই না!’ বিস্ফোরক আকাঙ্ক্ষা | Akanksha chamola lock upp 2 reveals identity divorce gaurav khanna

Spread the love

চলতি রিয়্যালিটি শো ‘লক আপ ২’-এর সাম্প্রতিক একটি পর্বে সহ-প্রতিযোগী বরুণ যাদবের সঙ্গে মনখোলা আড্ডায় মেতে উঠতে দেখা যায় আকাঙ্ক্ষা চমোলাকে। প্রেম, বিয়ে এবং দাম্পত্যের ভাঙন নিয়ে আলোচনার মাঝেই উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায়। বরুণ যখন তাঁর কাছে জানতে চান যে, ভবিষ্যতে তিনি কি আবার নতুন করে সংসার পাতার কথা ভাববেন? অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে আকাঙ্ক্ষা স্পষ্ট জানিয়ে দেন, বিয়ের ভাবনা তিনি জীবন থেকে চিরতরে বাদ দিয়েছেন। অভিনেত্রীর কথায়, “আমার মনের ভেতর এখন একটা স্থায়ী ভয় দানা বেঁধে গিয়েছে।”

কথোপকথনের একপর্যায়ে বরুণ যখন তাঁর বর্তমান যৌন পরিচয় নিয়ে প্রশ্ন করেন, তখন অত্যন্ত পরিণত ও যুক্তিপূর্ণ জবাব দেন আকাঙ্ক্ষা। তাঁর মতে, মানুষের জীবনের পরিস্থিতি ও মানসিক অবস্থার ওপর ভিত্তি করে তাঁর যৌন অভিরুচিও পরিবর্তিত হতে পারে। নিজের বর্তমান মানসিক অবস্থান ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, “যৌন পরিচয় আসলে সময় এবং জীবনের বিভিন্ন পর্যায়ের ওপর নির্ভর করে। এখন আমার বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নারী বা পুরুষ, কারও সঙ্গেই কোনও রকম শারীরিক সম্পর্কে জড়াতে চাই না। আমি এখন জীবনের সম্পূর্ণ অন্য এক স্তরে রয়েছি, যাকে চিকিৎসা বিজ্ঞান বা মনস্তত্ত্বের ভাষায় ‘অ্যাসেক্সুয়াল’ বলা হয়।” নিজের ফেলে আসা জীবনের খতিয়ান টেনে তিনি আরও যোগ করেন, “বড্ড কম বয়সে বিয়েটা করে ফেলেছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র ২৪ বছর।”

আকাঙ্ক্ষার মুখে এই চরম বৈরাগ্যের কথা শুনে শোয়ের অন্য এক প্রতিযোগী তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন যে, তাঁর বয়স এখনও ফুরিয়ে যায়নি এবং ভবিষ্যতে তিনি চাইলে আবারও কোনও ভালো মনের মানুষের সন্ধান পেতে পারেন। কিন্তু আকাঙ্ক্ষা নিজের সিদ্ধান্তে অনড়।

যাবতীয় জল্পনায় জল ঢেলে অভিনেত্রী তাঁর আগামীর পরিকল্পনার কথা জানিয়ে বলেন, “আমি আর কোনওদিনই বিয়ের পিঁড়িতে বসব না। আমার জন্য এটুকুই যথেষ্ট। তবে জীবনের এই পর্যায়ে এসে আমি প্রথমবার সম্পূর্ণ একা ও স্বাধীনভাবে বাঁচতে শিখব। এতকাল হয় বাবা-মায়ের আশ্রয়ে কেটেছে, নয়তো স্বামীর সংসারে। এবার আমি নিজের উপার্জনে নিজের তৈরি বাড়িতে একা থাকব। এখন থেকে নিজের শর্তে নিজের মতো করে জীবনটা উপভোগ করতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *