খরচই সার, বেহাল লেকে ক্ষুব্ধ পুরমন্ত্রী
এই সময়: রক্ষণাবেক্ষণের নামে প্রতি মাসে সরকারের লক্ষ লক্ষ টাকা এজেন্সির পকেটে গেলেও বেলেঘাটার সুভাষ সরোবর চূড়ান্ত অবহেলায় পড়ে রয়েছে বলে ক্ষোভ জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকালে সরোবর পরিদর্শনে যান তিনি, সঙ্গে ছিলেন দপ্তরের সিনিয়র অফিসাররা।
মন্ত্রী জানান, এই চরম অব্যবস্থা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত সংস্থার টেন্ডার বাতিল হবে এবং কী কাজ হয়েছে, তা খতিয়ে দেখে বরাদ্দ কাটা হবে।
আশপাশে পড়ে থাকা আবর্জনা, শৌচাগারগুলিতে জলের সংযোগ ও আলোর অভাব, দীর্ঘদিন সংস্কারহীন কমিউনিটি হল, সবই অগ্নিমিত্রার চোখে পড়ে। সেখানকার নিয়মিত মর্নিং ওয়াকারদের সঙ্গে কথা বলেও জানতে পারেন সমস্যাগুলি কী।
পাশাপাশি ঘুরে দেখেন সংলগ্ন বস্তি এলাকা। পার্কের পরিকাঠামো উন্নয়ন, নিরাপত্তায় জোর ও দ্রুত শৌচাগারগুলির হাল ফেরানোর নির্দেশ দেন অগ্নিমিত্রা। পরে সাংবাদিকদের বলেন, ‘(আগে) রবীন্দ্র সরোবরে গিয়েছিলাম, (এ বার) সুভাষ সরোবর দেখে গেলাম। এগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে একটি এজেন্সি। তারা লক্ষ লক্ষ টাকা নিলেও কাজ করছে না। এই অব্যবস্থা চলতে পারে না।’ দ্রুত পদক্ষেপ ও বিশেষজ্ঞদের সাহায্যে সুভাষ সরোবরকে নতুন করে সাজানো হবে বলে মন্ত্রী জানান।