মানসিক নির্যাতনের শিকার কর্মী, দপ্তরেরই প্রাক্তন আমলার নামে নালিশ মন্ত্রীকে
এই সময়, শিলিগুড়ি: খোদ পর্যটন দপ্তরের প্রাক্তন আধিকারিকের হাতে মানসিক নির্যাতনের শিকার অধস্তন কর্মী। রবিবার অর্পিতা সাহা নামের ওই মহিলা কর্মী শিলিগুড়ির হিন্দি হাই স্কুলে আয়োজিত ‘সরাসরি শঙ্কর’ অনুষ্ঠানে গিয়ে পর্যটন মন্ত্রীর কাছে বিচার চাইলেন। শিলিগুড়িতেই তাঁর বাড়ি। তাঁর বাবাও এই দপ্তরেই চাকরি করতেন। প্রথমে মালবাজার ট্যুরিস্ট লজ। পরে তাঁকে বদলি করা হয় জলদাপাড়ায় ওই আধিকারিকের অধীনে। বাবার মৃত্যুর কারণে ‘ডাই-ইন-হারনেস’-এর কোটায় তিনি চাকরি পেয়েছিলেন। তাঁর অভিযোগ, পর্যটকদের সামনেই তাঁকে অপমান করা হতো, এমনকী, মানসিক নির্যাতন করা হতো। প্রতিবাদ করায় তাঁকে বদলি করে দেওয়া হয় কলকাতায়। বাড়িতে অসুস্থ মা। বাধ্য হয়ে তিনি অফিসে যাওয়া বন্ধ করে দেন। মানসিক রোগের চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তাঁকে। রাজ্যে পালাবদলের পরে তিনি পর্যটন মন্ত্রীর কাছে এসেছেন চাকরি ফিরে পেতে।