HC On PSC: ‘পরীক্ষার্থীরা হতাশ হয়ে পড়ছেন’, PSC নিয়োগে বড় উদ্বেগে কলকাতা হাইকোর্ট – Bengali News | Hc on psc Calcutta High Court Chief Justice TS Sivagnam concerned about Public Service Commission, PSC recruitment
কলকাতা: পাবলিস সার্ভিস কমিশন, PSC নিয়োগ নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “পরীক্ষার্থীরা অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়েছেন।” তিনি জানিয়ে দেন, রাজ্য কবে শূন্যপদ পূরণ করবে জানতে চায় হাইকোর্ট।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, “রাজ্যকে আমরা ইতিমধ্যেই একটা নির্দেশ দিয়েছিলাম। একজন সিভিল জাজ নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। ওই নিয়োগ না হওয়ায় কোন ভাইভা নেওয়া যাচ্ছে না।” এজি-র কাছে প্রধান বিচারপতি জানতে চান. “রাজ্য কবে PSC এর শূন্য পদ পূরণ করতে পারবে, আমরা জানতে চাই।”
প্রধান বিচারপতি আরও বলেন, “ভাইভা হয়নি জাজ নেই বলে। চেয়ারম্যান ইনচার্জ কিছু করতে পারছেন না। তাঁরা অসুবিধায় পড়়েছেন। প্রচুর শূন্যপদ রয়েছে।” তখনই বিচারপতি বলেন, “পরীক্ষার্থীরা যাঁরা ভাইভার জন্য অপেক্ষা করছেন, তাঁরা খুব হতাশ হয়ে পড়েছেন। তাদের বয়স পার হয়ে যাচ্ছে। তাঁদের ভবিষ্যতের প্রমোশনও বয়েসের কারণে আটকে যাবে।” সোমবারই এই মামলায় রাজ্যের বক্তব্য জানতে চায় আদালত।
প্রসঙ্গত, মঙ্গলবারই রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হন অবসরপ্রাপ্ত আইএএস মহুয়া বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই PSC-র চেয়ারম্যান পদ খালি পড়েছিল। এরফলে নিয়োগ প্রক্রিয়াও স্থবির হয়ে পড়েছিল। PSCর মাধ্যমে একাধিক সরকারি পদে নিয়োগ হয়। সেই নিয়োগগুলি ঝুলে ছিল। সেই বিষয়টি নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। নতুন চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসবে বলে আশাবাদী আদালত।