বারুইপুরে এনকাউন্টারের ঘটনাস্থলে CID, নমুনা সংগ্রহ ফরেনসিক টিমের
উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুন মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হচ্ছিল। অভিযোগ, সেই সময়ে তিনি এক পুলিশকর্মীর রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। পাল্টা গুলিতে গুরুতর জখম হয় প্রভাস। পরে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি পুলিশের তরফেও পৃথক তদন্ত শুরু হয়। প্রথমে সোনারপুর থানার এক সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে তদন্ত শুরু হলেও পরে সম্পূর্ণ তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই এনকাউন্টারে ব্যবহৃত রিভলভারটি নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। এখন ফরেনসিক পরীক্ষার রিপোর্ট ও অন্যান্য বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতেই তদন্তের পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।