চম্পতের নামে এফআইআর হবে না কেন? প্রশ্ন বিরোধীদের
প্রণামী–দুর্নীতির এই সব ঘটনা যত সামনে আসছে, রামমন্দির ট্রাস্টের পদত্যাগী জেনারেল সেক্রেটারি চম্পত রাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিও ততই জোরদার হচ্ছে। গাড়িচালক টিন্নু যাদবের নাম প্রণামী চুরির কেসে জড়ানোর পরেই পদত্যাগ করেন চম্পত। তাঁকে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, তার পরেও কেন সিট–এর প্রাথমিক রিপোর্টে চম্পতের নাম উল্লেখ করা হলো না, প্রশ্ন তুলছেন বিরোধীরা। আম আদমি পার্টি (আপ)–এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংয়ের দাবি, যোগী–রাজ্যের গঠিত সিট চম্পতের মতো রাঘববোয়ালকে আড়াল করার চেষ্টা করছে, কারণ চম্পত এক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বিষ্ণুর অবতার’ বলে ভূয়সী প্রশংসা করেছিলেন। সঞ্জয়ের প্রশ্ন, রামমন্দিরের আশেপাশের জমি চম্পতের নামেই রেজিস্টার করা, মন্দিরের ম্যানেজমেন্টে তিনিই ছিলেন সর্বেসর্বা, তা হলে তদন্ত রিপোর্টে তাঁর নাম কেন থাকবে না, কেনই বা এফআইআর করা হবে না? সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও এ দিন অভিযোগ করেন, রাঘববোয়ালদের আড়াল করতেই এই সিট গঠন করা হয়েছে! চম্পতের বিরুদ্ধে এফআইআর না হলে অযোধ্যার বার অ্যাসোসিয়েশনের সদস্যরাও বিক্ষোভে নামার হুমকি দিয়েছেন।