কীভাবে কাজ করবে থানার Women Help Desk? হয়ে গেল প্রশিক্ষণ শিবির | How will the police station’s Women Help Desk operate? Training session concluded
কলকাতা: আগেই ঘোষণা করেছিল সরকার। এবার কলকাতা পুলিশের অধীনস্থ প্রতিটি থানাতেই চালু হয়েছে Women Help Desk। যেসব মহিলা অফিসাররা দায়িত্বে থাকবেন তাদের কী কী করণীয় এবং কী কী করবেন না সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হল। ১৮৩ জন বিভিন্ন পদমর্যাদার মহিলা অফিসারদের নিয়ে PTS এ হয় প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবির। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা।
কমিশনার বলেন, আজ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ হল। দু-মাস বাদে রিভিউ করা হবে। শুধু তাই নয়, আগামীতে ধাপে ধাপে বাকি মহিলা অফিসারদের জন্যও এই ধরনের প্রশিক্ষণ শিবির করা হবে। প্রয়োজনে ভার্চুয়ালিও প্রশিক্ষণের ব্যবস্থা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
অভিযোগ জানানোর জন্য মহিলাদের যাতে কোনও অবস্থাতেই এক থানা থেকে অন্য থানায় ঘুরতে হবে না, সেদিকে বিশেষ নজর দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের উপর মহল থেকে। করা হবে জিরো FIR। নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপশি মহিলাকে দ্রুত বিচার পেতে সাহায্য করাই মূল লক্ষ্য হবে কলকাতা পুলিশের। এদিনের প্রশিক্ষণ শিবিরের শেষে মহিলা পুলিশ কর্মীদের উদ্দেশ্যে নিজেও বার্তা দেন পুলিশ কমিশনার।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠক করে সাইবার নিরাপত্তায় জোর দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে নারী নিরাপত্তাতেও যে পুলিশ কোমর বেঁধে মাঠে নামছে সে কথাও জানান। ৫০০ থানায় চালু মহিলা হেল্প ডেস্ক। রোমিওদের দৌরাত্ম্য ঠেকাতে চালু হচ্ছে দুর্গা স্কোয়াডও। ২১৩টি নতুন মোটরসাইকেল দেওয়া হচ্ছে মহিলা পুলিশদের। শুভেন্দু অধিকারী স্পষ্টতই বলেন, “আমাদের রাজ্যের নারী-কন্যাদের সুরক্ষায় সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে।”