FIFA World Cup, Belgium vs USA: কাজে এল না ট্রাম্পের ফোন, ম্যাচ জিতে আমেরিকা ও ফিফাকে খোঁচা বেলজিয়ামের! | Belgium Football Team Mocks FIFA & Trump After Winning Against USA! - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup, Belgium vs USA: কাজে এল না ট্রাম্পের ফোন, ম্যাচ জিতে আমেরিকা ও ফিফাকে খোঁচা বেলজিয়ামের! | Belgium Football Team Mocks FIFA & Trump After Winning Against USA!

Spread the love

আমেরিকা : যখনই শোনা গিয়েছিল, যে বালোগানের (Felarin Balogun) লাল কার্ডের সাসপেনশন ফিফা (FIFA) তুলে নিয়েছে, তখন থেকেই রেগে ছিল বেলজিয়াম ফুটবল দল (Belgium) । ম্যাচে যেন দেখা গেল সেই রাগের প্রতিফলন। ৪-১ গোলে বেলজিয়াম একপ্রকার উড়িয়েই দিল আমেরিকাকে (USA)। এর ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন লুকাকু, ডোকুরা। এবার জয়ের পর ফিফা, আমেরিকা, ট্রাম্পকে খোঁচা মেরে পোস্ট করেছে বেলজিয়ামের ফুটবল দল।

তারা আজকের ম্যাচে চতুর্থ গোল করা লুকাকুর ছবি পোস্ট করে লিখেছে,“এবার এটা বাতিল করে দেখাও।” এমনকি, ম্যাচের পর প্রেসিডেন্ট ট্রাম্পের অনুকরণ করে নাচতেও দেখা যায় বেলজিয়ামের খেলোয়াড়দের। অর্থাৎ, ম্যাচ নিয়ে, ম্যাচের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পকে নিয়ে মজা করলেন বেলজিয়ামের ফুটবলাররা।

কেন এই বিতর্ক ?

বসনিয়া ম্যাচে লাল কার্ড দেখা বালোগানের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে চমকে দেওয়া সিদ্ধান্ত নেয় ফিফা। ফিফা জানায়, তাঁর লাল কার্ড প্রত্যাহার করা হয়েছে ও বেলজিয়ামের বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারবেন। এই সিদ্ধান্ত ফিফার নিয়মবিরুদ্ধ বলে অভিযোগ করে বেলজিয়াম। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করে কিন্তু কোনও লাভ হয়নি।

এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, তিনি ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেছিলেন ও এই লাল কার্ডের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। ট্রাম্পের মতে, এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে বালোগান না থাকার অর্থ, অনেকটাই পিছিয়ে পড়ে মাঠে নামবে আমেরিকা। এই লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত অন্যায্য।

এরপরেই লাল কার্ড প্রত্যাহার করা হয় তাঁর ও আজ, মঙ্গলবার এই আমেরিকাকেই ৪ গোল মেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘটিয়ে দেয় বেলজিয়াম। এই জয়ের ফলে আগামী ১০ জুলাই বেলজিয়াম নামবে স্পেনের বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালের সেই লড়াইতে মুখোমুখি হবেন বার্সেলোনা তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের তারকা গোলকিপার থিবাউ কুর্তোয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *