Mumbai Rain: প্রাণ গেল ১০ জনের, লাগাতার বৃষ্টি শুরু হতেই ধস এক্সপ্রেসওয়েতে, বাতিল হচ্ছে একের পর এক ট্রেন | Heavy Rain Batters Mumbai, Landslide Close Mumbai Pune Expressway, Train Service Also Disrupted - 24 Ghanta Bangla News
Home

Mumbai Rain: প্রাণ গেল ১০ জনের, লাগাতার বৃষ্টি শুরু হতেই ধস এক্সপ্রেসওয়েতে, বাতিল হচ্ছে একের পর এক ট্রেন | Heavy Rain Batters Mumbai, Landslide Close Mumbai Pune Expressway, Train Service Also Disrupted

Spread the love

মুম্বই: এতদিন অপেক্ষা করেছিল সবাই বৃষ্টির জন্য। আর এখন বৃষ্টি আসতেই বিপর্যস্ত হয়ে গেল জনজীবন। বর্ষার রুদ্ররূপে তছনছ মুম্বই। বৃষ্টি ও সেই সংক্রান্ত দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। লোহাগড় দুর্গের কাছে নেমেছে ধস। এর জেরে বন্ধ হয়ে গিয়েছে পুণে-মুম্বই এক্সপ্রেসওয়ে ও পুরনো হাইওয়ে। এরফলে মুম্বই ও পুণের মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। বাতিল হয়ে গিয়েছে একাধিক ট্রেনও।

মুম্বই সহ মহারাষ্ট্রের জন্য লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। লাগাতার বৃষ্টির জেরে একাধিক জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে। বৃষ্টির কারণে আজ বন্ধ রাখা হয়েছে স্কুল ও কলেজগুলি।  জানা গিয়েছে, মুম্বইয়ের কুর্লায় একটি রাস্তার ধারের দোকানে গাছ পড়ে গিয়েছে। সাকি নাকায় এক ব্য়ক্তি হাঁটু সমান জলে হাঁটছিলেন, সেই সময় খোলা ম্যানহোলে পড়ে যান তিনি।

আবহাওয়া দফতর জানিয়েছে, মুম্বই-পুণের মধ্যে পশ্চিমি ঘাট এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বই, থানে, নভি মুম্বই, পালঘরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও প্রবল বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ও পুরনো হাইওয়ে ধসের জেরে বন্ধ হয়ে যাওয়ায় সড়কপথ ও রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। খুব প্রয়োজন ছাড়া আজ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হয়েছে।

ট্রেন পরিষেবাও বিপর্যস্ত হয়েছে মুম্বই ও পুণের মধ্যে। দক্ষিণ-পূর্ব ঘাট সেকশনে, কারজাত ও লোনাভালার মাঝে রেললাইনে ধস নেমেছে। এর জেরে মুম্বই ডিভিশনের আপ-মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। পুণের একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রেললাইন সারাইয়ের কাজ শুরু হয়েছে, তবে স্বাভাবিক পরিষেবা চালু হতে আরও সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *