মন্তব্যের নেপথ্যে কি পূর্ব পরিকল্পনা?
এই সময়: বিধানসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে বাজানো’র মন্তব্য নিয়ে রুজু হওয়া মামলার তদন্তে আগামী বুধবার, ৮ জুলাই তৃণমূল সাংসদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা সিআইডি–র। তবে তার আগে ওই মামলায় যাবতীয় তথ্যপ্রমাণ সংগ্রহের প্রক্রিয়া শেষ করতে চান গোয়েন্দারা। এ ক্ষেত্রে অভিষেকের ঘনিষ্ঠ বৃত্তে থাকা তৃণমূলের নেতা–কর্মীদের বয়ান রেকর্ড করার উপর তদন্তকারীরা জোর দিচ্ছেন বলে সূত্রের খবর। এমন বেশ কয়েক জনের বয়ান ইতিমধ্যেই নেওয়া হয়েছে, যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পেজ দেখতেন কিংবা নিয়ন্ত্রণ করতেন। তাঁদের কাছে মূলত যেটা জানতে চাওয়া হচ্ছে, তা হলো, এ বারের বিধানসভা ভোটের প্রচারে গিয়ে একাধিক নির্বাচনী জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতায় ‘ডিজে বাজানো’ নিয়ে যে মন্তব্য করেছেন, সেটা পূর্ব পরিকল্পিত ছিল কি না এবং তাঁর ওই সব বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল কি না।