TMC Party Office Controversy: ‘নাম বলব না’, বলেই তৃণমূল অফিসের চাবি খুলে চারতলায় উঠে গেলেন এই ব্যক্তি | Someone entered TMC party office, opened the lock for 4th 5th floor
কলকাতা: মেট্রোপলিটনের তৃণমূল ভবন যেন নাট্যমঞ্চ। শুক্রবারই শো শেষ হল না। দিনভর নাটকের পর শনিবার সকাল থেকে ফের শুরু। মেট্রোপলিটনে ভাড়ায় নেওয়া তৃণমূলের (Trinamool Congress) কার্যালয় নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে আগেই। তৃণমূলের কোন শিবিরের অধিকারে থাকবে ওই অফিস, কারা তালা লাগাবে, এই নিয়ে টানাটানির মধ্যেই শনিবার সকালে দেখা গেল, এক ব্যক্তি চাবি খুলে ভিতরে প্রবেশ করছেন।
ওই ব্যক্তিকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, “অমিত সাহা আমাকে পাঠিয়েছিলেন। আমাদের যে পজিশন আছে, সেখানে যাওয়ার কথা বলেছে।” হাতে একটি জিডি-র কাগজ নিয়ে এসেছেন তিনি। পুলিশের সঙ্গে কথা বলেই এসেছেন বলে জানালেন ওই ব্যক্তি। উল্লেখ্য, অমিত সাহা হলেন ওই বাড়ির মালিক মন্টু সাহার ছেলে।
প্রশ্ন হল, যে তালা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা লাগিয়ে দিয়ে গিয়েছেন, সেই তালার চাবি এই ব্যক্তি পেলেন কোথা থেকে? ওই ব্যক্তির উত্তর, ‘চাবিগুলো স্যর দিয়েছেন।’ কে আপনার স্যর? উত্তর এল, “বলতে পারব না।” কী নাম আপনার? আবারও উত্তর এল, “নাম বলব না।”
মেট্রোপলিটনের ওই বাড়ির উপরের অংশ অর্থাৎ ৪ ও ৫ তলা মালিকেরই নামে রয়েছে। ওই ব্যক্তি সেখানেই যাচ্ছেন বলে জানা গিয়েছে। বাড়িটির তিনটি তলা ভাড়ায় দেওয়া আছে।
বাড়িটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি চেয়ারম্যান হিসেবে ঋতব্রত-ব্লক অরূপ রায়ের ছবি দেওয়া একটি ব্যানারও লাগিয়ে দিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে একদিকে থানায় অভিযোগ দায়ের করেছেন কালীঘাট-পন্থী তৃণমূল অর্থাৎ কুণাল ঘোষরা। পাশাপাশি, বাড়ির মালিকও একটি অভিযোগ দায়ের করেছেন।