কোথায় কত হোম স্টে, চালাচ্ছে কারা? তথ্য জানতে ময়দানে পুলিশ
মাত্র দু’দিন আগেই শিলিগুড়িতে পর্যটন মন্ত্রী শংকর ঘোষ হোম স্টে স্থানীয়রাই চালাচ্ছেন কি না, কী ভাবে চলছে সে ব্যাপারে খোঁজ নেওয়ার কথা জানিয়েছিলেন। মন্ত্রীর সেই ঘোষণার পরপরই কাজে নেমে পড়ল পুলিশ। রাজ্য পুলিশের উত্তরের একাধিক জেলার গোয়েন্দা বিভাগকে কাজে লাগিয়ে এই তথ্য সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার পুলিশের আইজিস্তর থেকে জেলায় জেলায় এই নির্দেশ গিয়েছে। বৃহস্পতিবার থেকে থানাভিত্তিক কাজও শুরু হয়ে গিয়েছে। প্রতিটি এলাকায় সাদা পোশাকের পুলিশ গিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য নেওয়ার পাশাপাশি পর্যটকদের তথ্য জমা করার অনলাইন লিঙ্কও তাঁরা হোম স্টে মালিকদের প্রদান করছেন। রাজ্য পর্যটন দপ্তরের এক আধিকারিক বলেন, ‘পুলিশের সাহায্যে তথ্য ব্যাঙ্ক গড়ার কাজ শুরু হয়েছে। আগামীতে একটা সম্পূর্ণ তথ্য ভান্ডার গড়ে তোলা হবে।’ যদিও জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার সুজাতা কুমারী বীণাপাণি এই বিষয়ে বিশদে কিছু বলতে চাননি । তিনি বলেন, ‘আমরা নিয়মিত এই কাজ করি। একই কাজ এখন বিশদে চলছে। এর ফলে যাবতীয় তথ্য এক জায়গায় চলে আসবে।’