মোদীর সফরের পর চর্চায় সেশেলস, কলকাতা থেকে কী ভাবে যাবেন, খরচই বা কত? রইল সম্পূর্ণ ট্রাভেল গাইড
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেশেলস সফরের পরই ফের চর্চায় এসেছে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র। নীল সমুদ্র, সাদা বালির সৈকত, বিশাল গ্রানাইট পাথর, চারপাশে সবুজ প্রকৃতি— সব মিলিয়ে যেন ছবির মতো সুন্দর একটি দেশ। বর্ষায় এখানে পর্যটকের ভিড়ও তুলনামূলক কম থাকে। তাই নিরিবিলি পরিবেশে ছুটি কাটাতে চাইলে সেশেলস হতে পারে দারুণ পছন্দ।
১০০-রও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপরাষ্ট্র সেশেলস। তবে পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় মাহে, প্রসলিন ও লা ডিগ। মাহে দ্বীপেই রয়েছে সেশেলস এর রাজধানী ভিক্টোরিয়া এবং আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকেই বেশিরভাগ ভ্রমণ শুরু হয়। সমুদ্রসৈকত ভালোবাসলে অবশ্যই ঘুরে দেখুন বো ভ্যালোঁ (Beau Vallon Beach)। নীল জল, সাদা বালির সৈকত আর সূর্যাস্তের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। এখানে সাঁতার কাটা, ওয়াটার স্পোর্টস কিংবা সমুদ্রের ধারে বসে সময় কাটানোর আলাদা আনন্দ রয়েছে।
প্রকৃতিপ্রেমীদের জন্য রয়েছে ‘ভালে দ্য মাই নেচার রিজ়ার্ভ’ (Vallée de Mai Nature Reserve)। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানেই দেখা মেলে বিরল ‘কোকো দে মের’ (Coco de Mer) পাম গাছের। অ্যাডভেঞ্চার ভালোবাসলে করতে পারেন স্কুবা ডাইভিং, স্নরকেলিং, কায়াকিং কিংবা আইল্যান্ড হপিং। সমুদ্রের নীচের রঙিন প্রবাল আর নানা প্রজাতির মাছের জগৎ চোখে লেগে থাকে। সেশেলসের স্থানীয় বাজার, ছোট ছোট ক্যাফে আর সি-ফুডও পর্যটকদের আকর্ষণের অন্যতম কারণ।