উদ্ধার ৮০ লাখ! ট্রাস্ট বলছে, ‘সব সুরক্ষিত’
এই সময়: অযোধ্য রামমন্দিরের প্রণামী চুরির ঘটনায় ধৃত ৮ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৮০ লাখ বাজেয়াপ্ত করল পুলিশ। এই টাকা দানের অর্থ বলেই অনুমান পুলিশের। আটজনের মধ্যে একমাত্র সুভাষ শ্রীবাস্তব নামের এক অভিযুক্তের বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্তদের অযোধ্যার এক বিশেষ আদালতে তোলা হলে আগামী সোমবার পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। শুক্রবারই জানা গিয়েছিল, ঘটনার নৈতিক দায় স্বীকার করে মন্দির ট্রাস্টের পদ থেকে ইস্তফা দিয়েছেন চম্পত রাই ও অনিল মিশ্র। কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষ কোনও মন্তব্য না–করায় ধোঁয়াশা তৈরি হয়েছিল।
তবে শনিবার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে বলা হয় — ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ও ট্রাস্টি অনিল মিশ্রের ইস্তফাপত্র তারা পেয়েছে। ট্রাস্টের আগামী বৈঠকে এই ইস্তফা বিবেচনা করে দেখা হবে বলেও জানানো হয়।
বিবৃতিতে মন্দির কর্তৃপক্ষ জানান, স্বচ্ছ তদন্তের বিষয়টি নিশ্চিত করতে ও ভক্তদের দানের অর্থ পুনোরুদ্ধারে তাঁরা জনসাধারণের কাছে দায়বদ্ধ। তাঁরা এমনকী এ–ও দাবি করেন, ‘ভক্তদের দানের সব সম্পত্তি নিরাপদ রয়েছে। যে ভক্তরা ভগবান রামের জন্য রুপোর ইট, গয়না–সহ বিভিন্ন সামগ্রী দানস্বরূপ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন, সেই সব কিছু হিসেব সুরক্ষিত রয়েছে।’
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রামশঙ্কর যাদব ওরফে টিন্নু (চম্পতের ঘনিষ্ঠ)–সহ ধৃত আটজনেই দানপাত্রের ক্যাশ কাউন্টিং ও মূল্যবান সামগ্রী দেখে রাখার দায়িত্বে ছিলেন। পুলিশ জানিয়েছে, তদন্তে আরও একাাধিক অভিযুক্তের নাম এফআইআর–এ অন্তর্ভুক্ত হতে পারে।