শ্রাচীর সঙ্গে সম্পর্ক শেষ, কলকাতা লিগের জন্য নতুন পার্টনার খুঁজছে আইএফএ - 24 Ghanta Bangla News
Home

শ্রাচীর সঙ্গে সম্পর্ক শেষ, কলকাতা লিগের জন্য নতুন পার্টনার খুঁজছে আইএফএ

Spread the love

চুক্তির এক বছরের মধ্যেই শ্রাচী স্পোর্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আইএফএ। কলকাতা লিগ, আইএফএ শিল্ড ও বেঙ্গল সুপার লিগের জন্য নতুন বাণিজ্যিক অংশীদার খোঁজা শুরু হয়েছে।

বিট্টু দত্ত, কলকাতা ডেস্ক: দশ বছরের জন্য বাণিজ্যিক অংশীদার হিসেবে শ্রাচী স্পোর্টসের সঙ্গে চুক্তি করেছিল আইএফএ। কিন্তু চুক্তির মাত্র এক বছরের মাথাতেই সেই সম্পর্কের ইতি টানল রাজ্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা। শুধু তাই নয়, কলকাতা লিগ (Calcutta Football League), আইএফএ শিল্ড এবং বেঙ্গল সুপার লিগের জন্য নতুন বাণিজ্যিক পার্টনার খুঁজতে শুক্রবার সংবাদপত্রে বিজ্ঞাপনও প্রকাশ করেছে আইএফএ। সাম্প্রতিক সময়ে এই ধরনের উন্মুক্ত বিজ্ঞপ্তি দিয়ে পার্টনার খোঁজার নজির নেই। তবে আইএফএ সূত্রে জানা গিয়েছে, জাতীয় ক্রীড়ানীতির আওতায় আসার প্রস্তুতির কারণেই ভবিষ্যতের দীর্ঘমেয়াদি চুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে আগাম এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগ্রহী সংস্থাগুলিকে তিন দিনের মধ্যে আবেদন জানানোর আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি সংস্থা আগ্রহ দেখিয়েছে বলেও খবর। আইএফএর আশা, কলকাতা লিগ শুরুর আগেই নতুন বাণিজ্যিক অংশীদারের নাম চূড়ান্ত করা সম্ভব হবে।

শ্রাচীর সঙ্গে সম্পর্ক ভাঙার নেপথ্যে রয়েছে আর্থিক বকেয়া। আইএফএ সূত্রের দাবি, বেঙ্গল সুপার লিগ ও কলকাতা লিগ বাবদ প্রায় তিন কোটিরও বেশি টাকা এখনও সংস্থার কাছে বাকি রয়েছে। একাধিকবার চিঠি পাঠিয়েও কোনও সন্তোষজনক উত্তর মেলেনি। চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ ছিল, নির্ধারিত অর্থ দীর্ঘদিন বকেয়া থাকলে আইএফএ চুক্তি বাতিল করার অধিকার রাখবে। সেই ধারাই কার্যকর করেছে সংস্থা।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “শ্রাচী স্পোর্টসের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তি ছিল। কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আর্থিক দায়বদ্ধতা পূরণ করা হয়নি। আমরা একাধিকবার লিখিতভাবে বকেয়া অর্থ মেটানোর অনুরোধ করেছি। দুর্ভাগ্যজনকভাবে কোনও কার্যকর সাড়া পাইনি। চুক্তির শর্ত মেনেই তাই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিতে হয়েছে। আগামী দিনে আইএফএ সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন বাণিজ্যিক অংশীদার নির্বাচন করবে। জাতীয় ক্রীড়ানীতির নির্দেশিকা মেনেই সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি সংস্থা আগ্রহ প্রকাশ করেছে। আমরা আশাবাদী, খুব দ্রুত নতুন পার্টনার পাওয়া যাবে এবং কলকাতা লিগ, আইএফএ শিল্ড ও বেঙ্গল সুপার লিগ নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হবে। রাজ্য ফুটবলের স্বার্থই আমাদের কাছে সর্বাগ্রে।”

আইএফএর এই সিদ্ধান্ত রাজ্য ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলেই মনে করছেন ফুটবল মহলের একাংশ। দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নতুন বাণিজ্যিক অংশীদার বেছে নেওয়ার উদ্যোগ ভবিষ্যতে আইএফএর বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এখন দেখার, আগামী কয়েক দিনের মধ্যেই কোন সংস্থা রাজ্য ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির নতুন বাণিজ্যিক দায়িত্ব তুলে নেয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *