Agnimitra Paul: রাস্তায় থুতু ফেললে ১০০ টাকা, প্রস্রাব করলে কত ফাইন? জরিমানার ‘মূল্য’ বেঁধে দিলেন অগ্নিমিত্রা | West bengal government announces rate of fines for spitting littering and public nuisance under swachh app initiative
কলকাতা: বাংলাকে আমূল বদলাতে বদ্ধ পরিকর বিজেপি সরকার। সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই, ক্ষমতায় এসেই বাংলাকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। তার প্রথম পদক্ষেপ হল স্বচ্ছতা। ইতিমধ্যেই স্বচ্ছ্ব অ্যাপের উদ্বোধন করা হয়েছে। রাস্তায় থুতু ফেললে বা আবর্জনা ফেললে কিংবা রাস্তা নোংরা করলেই ফাইন হবে। সেপ্টেম্বর থেকে ফাইন নেওয়া শুরু হবে। এবার কোন কাজ করলে, কত ফাইন হবে, তাও জানিয়ে দিলেন পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
সম্প্রতি, একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে পুর ও নগরোন্নায়ন দফতর থেকে। সাংবাদিক বৈঠক করে ওই টোল ফ্রি নম্বরের বিষয়ে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, ওই নম্বরে ফোন করে মানুষ তাঁর সমস্যার কথা জানাতে পারবেন। মূলত, জল জমা বা ডেঙ্গি বেশি হলে বা রাস্তাঘাট নিয়ে কোনও সমস্যা হলে, কিংবা বেআইনি বাড়ি তৈরির মতো কোনও ঘটনা নজরে এলে তা ফোন করে জানাতে পারবেন। সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত ফোন খোলা থাকবে। পরবর্তীকালে জরুরি ক্ষেত্রে এই সময় বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।
ওই বৈঠকেই স্বচ্ছতা প্রসঙ্গে বলতে গিয়ে অগ্নিমিত্রার বক্তব্যে উঠে পেনাল্টির কথা। আগেই সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাস্তা নোংরা করলেই পেনাল্টি দিতে হবে। তবে, কোন অপরাধে কী শাস্তি অর্থাৎ কত পেনাল্টি দিতে হবে সেই প্রসঙ্গে বলেন, “রাস্তা নোংরা করার জন্য পেনাল্টি লাগবে। থুতু ফেললে ১০০ টাকা, প্রস্রাব করলে ২০০ টাকা, প্লাস্টিক নিলে ২০০ টাকা দিতে হবে।” তিনি আরও জানিয়েছেন, মেশিন থাকবে সঙ্গে সঙ্গে আপনাকে পেনাল্টির বিল বের করে দেওয়া হবে।
উল্লেখ্য, দুর্গাপূজার আগে ১ সেপ্টেম্বর থেকে স্বচ্ছ অ্যাপ-এর নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে। যদি কেউ রাস্তায় ময়লা-আবর্জনা ফেলেন, চিপসের প্যাকেট ছড়ান কিংবা যত্রতত্র থুতু ফেলেন, তবে পুলিশ সরাসরি ফাইন করবে। তবে নাগরিকদের অভ্যাস শোধরানোর জন্য এবং সচেতনতা বাড়াতে নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে আগামী তিন মাস সময় দেওয়া হচ্ছে। এই তিন মাস সচেতনতার প্রচার চালানো হবে। রাস্তায় নোংরা না ফেলার জন্য মানুষকে সতর্ক করা হবে। ইতিমধ্যে সচেতনতার প্রচার করা শুরু হয়েছে।